তিন জেলায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৫২
নীলফামারীর জলঢাকা, কুমিল্লার লাকসাম ও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গতকাল রোববার রাত থেকে আজ সোমবার শেষ খবর পাওয়া পর্যন্ত যৌথ বাহিনী ৫২ জনকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তিরা বিএনপি ও জামায়াতের বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে। নীলফামারী থেকে ১৪, কুমিল্লা থেকে ৩৭ ও লালমনিরহাট থেকে একজনকে আটক করা হয়।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারী:
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের মৌলভীর হাট, টেঙ্গনমারী বাজারসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে র্যাব-পুলিশ ও বিজিবি ১৪ জনকে আটক করেছে। আটক হওয়া লোকজন জামায়াত-শিবিরের কর্মী বলে ওসি জানান। তাঁরা হলেন, সিয়াম হোসেন (২০), আহাদ আলী (৩০), তোজাম্মেল হোসেন (৩৫), আনোয়ার হোসেন (২৫), খাদেমুল ইসলাম (৩৫), লেবু মিয়া (৩০), জাহিদুল ইসলাম (৩৮), আ. রশিদ (১৯), রেজাউল করিম (৩০), শরিফুল ইসলাম (৩৩), মুকুল হোসেন (৩৫), আবদুল গণি (৪০), মিজানুর রহমান (২২), সামসুল হক (৩৬)।
লাকসাম (কুমিল্লা):
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার গোয়েন্দা কর্মকর্তা (ডিআইও) কামাল উদ্দিন জানান, জেলার মনোহরগঞ্জ, দেবীদ্বার আদর্শ সদর, সদর দক্ষিণ, বুড়িচং, নাঙ্গলকোট ও মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩৭ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে জামায়াত-শিবিরের ২৯ এবং বিএনপির আটজন নেতা-কর্মী রয়েছেন। আটক লোকজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। আটকের পর তাঁদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
পাটগ্রাম (লালমনিরহাট) :
পাটগ্রাম থানার ডিউটি অফিসারের সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) নারায়ন চন্দ্র বর্মন জানান, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে গতকাল রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে জামায়াতের জোংড়া ইউনিয়নের আমির হামিদুল ইসলামকে (২২) গ্রেপ্তার করেছে। ১৫ ডিসেম্বর পাটগ্রামে সহিংসতার ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাঁর বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।