তিন জেলায় লঞ্চ চলাচলে রোটেশন-প্রথা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণাঞ্চলের তিন জেলা বরিশাল, পটুয়াখালী ও ভোলায় লঞ্চ চলাচলে রোটেশন-প্রথা (পালা করে চলাচল) বাতিল করা হয়েছে। রোটেশন বাতিলের এই সিদ্ধান্ত আজ সোমবার থেকে কার্যকর হবে।গতকাল রোববার নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঢাকা-বরিশাল নৌপথে লঞ্চ চলাচলে রোটেশন-প্রথা বাতিলসংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এই সিদ্ধান্তের ফলে বরিশাল, পটুয়াখালী ও ভোলা থেকে রাজধানী ঢাকায় যাতায়াতকারী লঞ্চযাত্রীদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো। রোটেশন-প্রথা বাতিলের ফলে ঢাকা-বরিশাল-ঢাকা নৌপথে প্রতিদিন পাঁচটি করে মোট ১০টি, ঢাকা-পটুয়াখালী-ঢাকায় তিনটি করে ছয়টি এবং ঢাকা-ভোলা-ঢাকায় তিনটি করে ছয়টি লঞ্চ চলাচল করবে।সভায় দক্ষিণাঞ্চলে লঞ্চে যাত্রীদের চলাচল আরও সহজ করতে নয় সদস্যের একটি সমীক্ষা কমিটি (সার্ভে কমিটি) গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে নৌ-মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) মো. আলাউদ্দীনকে। কমিটি ঢাকা-বরিশাল-ঢাকা নৌপথে প্রতিদিন কী পরিমাণ যাত্রী যাতায়াত করে, সে জন্য কতটি লঞ্চ দরকার এবং লঞ্চ চলাচলের ক্ষেত্রে অন্য কোনো অসুবিধা আছে কি না, ইত্যাদি বিষয়ে সুপারিশ করবে।এই কমিটির সদস্যরা হলেন বিআইডব্লিউটিএর পরিচালক (ট্রাফিক), সমুদ্র পরিবহন অধিদপ্তরের একজন সার্ভেয়ার, লঞ্চ মালিক প্রতিনিধি দুজন, জনগণের প্রতিনিধি দুজন, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং বরিশাল পুলিশ প্রশাসনের একজন প্রতিনিধি। কমিটি এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।সভায় অন্যান্যের মধ্যে বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন, সাংসদ মো. মনিরুল ইসলাম, তালুকদার মো. ইউনুস ও গোলাম কিবরিয়া, নৌসচিব আবদুল মান্নান হাওলাদার, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জোবায়ের আহমেদ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সদস্য জিল্লুর রহমান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল (যাপ) সংস্থার চেয়ারম্যান মাহাবুবউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।প্রথম আলোর বরিশাল কার্যালয় জানায়, রোটেশন-প্রথার কারণে প্রতিদিন যাত্রী যতই হোক, বরিশাল-ঢাকা নৌপথে তিনটি করে ছয়টির বেশি লঞ্চ চলাচল করত না। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। তাই এই প্রথা বাতিলের দাবিতে যাত্রীরা ২০০৬ সাল থেকে দাবি জানাচ্ছে। একই অবস্থা ছিল পটুয়াখালী ও ভোলা থেকে ঢাকায় চলাচলকারী লঞ্চগুলোর ক্ষেত্রেও।