তিন জেলায় লোডশেডিং, হুমকিতে বোরো চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরোর সেচ মৌসুমের শুরুতেই কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ জেলায় বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং শুরু হয়েছে। বিদ্যুৎ না পেয়ে কৃষকেরা পড়েছেন বিপাকে। প্রয়োজনীয় সেচ দিতে না পেরে বোরো চাষাবাদ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই তাঁদের। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কিশোরগঞ্জ: পল্লী বিদ্যুৎ সমিতি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার মিঠামইন উপজেলার চারটি ইউনিয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও ব্যক্তিগত মালিকানায় ৪১টি বিদ্যুৎচালিত সেচ প্রকল্প রয়েছে। দিনে-রাতে প্রায় সময়ই বিদ্যুৎ না থাকায় প্রকল্পগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান শাহজাহান বলেন, এসব প্রকল্পের আওতায় প্রায় ১০ হাজার হেক্টর জমি রয়েছে। সেচ দিতে না পারায় সিংহভাগ জমিই অনাবাদি থাকার আশঙ্কা দেখা দিয়েছে। এলাকার কৃষকেরা জানান, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং চলতে থাকলে চলতি বোরো আবাদ ব্যাপক হুমকিতে পড়বে। প্রতি সেচ প্রকল্পে দুই-একটি করে ডিজেলচালিত সেচযন্ত্র থাকলেও সম্প্রতি ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে সেগুলো চালু করতে পারছেন না প্রকল্প সংশ্লিষ্টরা। ডিজেলচালিত যন্ত্রের মাধ্যমে সেচ দিয়ে বোরো চাষ করলে চড়া সুদে মহাজনদের কাছ থেকে ঋণ নিতে হবে। এটিও কৃষকদের আরেক দুশ্চিন্তার বিষয়। বড় হাওরের কৃষক ফজল আলী ও রহমান মিয়া বলেন, লোডশেডিংয়ের কারণে এই হাওরের পাঁচ হাজার একর বোরো জমি অনাবাদি থাকবে বলে তাঁদের আশঙ্কা। সেচ প্রকল্পের ব্যবস্থাপকেরা জানান, এ ব্যাপারে একাধিকবার পল্লী বিদ্যুৎ সমিতিকে জানানো হয়েছে। কিন্তু কোনো ফল হয়নি। জেলা পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান লাইন টেকনেশিয়ান আবদুল ওয়াহেদ বলেন, জেলার ১৩টি উপজেলায় মাত্র ১৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ রয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ সদরে সাত মেগাওয়াট এবং অন্য উপজেলাগুলোতে আট মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তাড়াইল (কিশোরগঞ্জ): উপজেলায় দৈনিক গড়ে ১০-১২ ঘণ্টা বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। উপজেলা পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র সূত্র জানিয়েছে, এখানে বর্তমানে দৈনিক ছয় মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। কিন্তু পাওয়া যাচ্ছে এর প্রায় অর্ধেক। পল্লী বিদ্যুৎকেন্দ্র নান্দাইল কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আবুল কালাম বলেন, ‘বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) থেকে সরবরাহ কম থাকায় লোডশেডিং করা ছাড়া আমাদের কোনো বিকল্প নাই।’ কেন্দুয়া (নেত্রকোনা): উপজেলায় ১৪-১৫ ঘণ্টা লোডশেডিং চলছে। ব্যাপক লোডশেডিংয়ের কারণে বৈদ্যুতিক সেচযন্ত্র বেশিরভাগ সময় বন্ধ থাকায় মৌসুমের শুরুতে বোরো আবাদ ব্যাহত হচ্ছে। পল্লী বিদ্যুত সমিতির আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (এজিএম) মো. আলমগীর হোসেন বলেন, বোরো আবাদের জন্য সেচযন্ত্র চালু থাকায় বিদ্যুতের ঘাটতি বেড়ে গেছে। সামনে ভরা মৌসুমে অবস্থা আরও খারাপ হতে পারে।ধরমপাশা (সুনামগঞ্জ): সীমাহীন বিদ্যুৎবিভ্রাটে ধরমপাশা উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহকেরা নাকাল হয়ে পড়েছেন। গত দুই সপ্তাহ ধরে দিনে-রাতে এখানে ১৬ ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে। এলাকাবাসী জানান, নেত্রকোনার পল্লী বিদ্যুৎ সমিতির মোহনগঞ্জ শাখা কার্যালয়ের অধীন এ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এসএসসি পরীক্ষার্থী নাসিমা আক্তার জানায়, সারা দিন শেষে সন্ধ্যার পর বিদ্যুৎ এলেও আধা ঘণ্টা থেকে আবার চলে গিয়ে আসে রাত দশটায়। এতে পড়াশোনায় দারুন ক্ষতি হচ্ছে।নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মোহনগঞ্জ শাখার উপব্যবস্থাপক (ডিজিএম) মো. এমদাদুল ইসলাম বলেন, ‘ধরমপাশাসহ সুনামগঞ্জের ১১ উপজেলায় বিদ্যুতের চাহিদা ৩০ মেগাওয়াট হলেও, পাওয়া যাচ্ছে মাত্র আট মেগাওয়াট।’ পূর্বধলা (নেত্রকোনা): স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় প্রতিদিনই বেলা তিন/চারটা থেকে রাত ১১টা পর্যন্ত এবং রাত তিনটা থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। অন্য সময় কিছুক্ষণ পরপর বিদ্যুৎ আসা-যাওয়া করে। বোরোর সেচ মৌসুমের শুরু হলেও লোডশেডিংয়ের কারণে সেচ দেওয়া যাচ্ছে না। পূর্বধলা পল্লীবিদ্যুৎ কার্যালয়ের লাইন টেকনিশিয়ান মো. শামীম মিয়া বলেন, উপজেলায় এমনিতেই চাহিদার তুলনায় বিদ্যুত সরবরাহ অনেক কম। তাছাড়া বোরোর সেচের জন্য চাহিদা আরও বেড়েছে। তাই এমন হয়েছে।