
ময়মনসিংহের নান্দাইলে গতকাল শনিবার অটোরিকশা ও ইজিবাইক মাড়িয়ে যাত্রীবাহী একটি বাস মহাসড়কের পাশে দোকানে গিয়ে থামলে এক ব্যক্তি নিহত ও নয়জন আহত হয়েছেন। একই উপজেলার চামটা বাসস্ট্যান্ডের কাছে গতকাল যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত হয়েছেন এক নছিমনচালক।
এ ছাড়া গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত আরও দুই জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে শিশুসহ দুজন। এ নিয়ে গত ১১২ দিনে দেশের বিভিন্ন জেলায় সড়কে নিহত হলেন ৯৯২ জন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গতকাল দুপুরে নান্দাইল পৌরসভার শহীদ মিনার বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া বাসের চাপায় নিহত হন উপজেলার পাছপাড়া গ্রামের লিটন (৪০)। তিনি শহীদ মিনারের পাশে একটি দোকানের বেঞ্চে বসে ছিলেন। আহত নয়জনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তিরা পথচারী এবং বাসটিতে চাপা পড়া দুটি ইজিবাইক ও একটি অটোরিকশার যাত্রী। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা এমকে সুপার পরিবহনের বাসটির ধাক্কায় অটোরিকশাটিতে আগুন লেগে যায়।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার চামটা বাসস্ট্যান্ডের কাছে গতকাল দুপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নছিমনচালক নিহত হয়েছেন। তাঁর নাম মো. নজরুল ইসলাম (৪০)। তিনি উপজেলার আত্মারামপুর গ্রামের হোসেন আলীর ছেলে।
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শুক্রবার রাতে একটি কাভার্ড ভ্যানের চাপায় আনন্দ (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর বাড়ি জামালপুরের মাদারগঞ্জে। ঢাকার কারওয়ান বাজার থেকে কাঁচামাল নিয়ে তাঁর পিকআপটি চেরাগ আলী গিয়ে থামলে দ্রুতগতির কাভার্ড ভ্যানটি পেছন থেকে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপে কাঁচামালের ওপর বসে থাকা আনন্দ মহাসড়কে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
লালমনিরহাটে গতকাল বিকেলে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের পাটগ্রাম পৌরসভার মির্জারকোট নামক স্থানে ট্রাকচাপায় সৌরভ (৫) নামের এক শিশু নিহত হয়েছে। সে মির্জারকোট গ্রামের ট্রাক্টরচালক রুবেল মিয়ার ছেলে। দুর্ঘটনার আগে মহাসড়ক পার হচ্ছিল শিশুটি।