তিন জেলায় শিশুসহ তিন ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরা উপজেলায় চোরের ছুরিকাঘাতে মো. ফিরোজ মিয়া (৫০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার হাইরমারা গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে লক্ষ্মীপুর সদর উপজেলায় এক শিশু এবং জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক নারী খুন হয়েছেন।প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
নরসিংদী: নিহত ফিরোজ মিয়ার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোর আনুমানিক চারটার দিকে ফিরোজ মিয়ার ঘরে সিঁধ কেটে চোর ঢোকে। ফিরোজ মিয়া টের পেয়ে চোরকে জাপটে ধরেন। তাঁর হাত থেকে বাঁচতে চোর ছুরি দিয়ে ফিরোজ মিয়ার পেটে আঘাত করে। ফিরোজের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে চোর পালানোর চেষ্টা করে। পরে প্রতিবেশীরা ধাওয়া দিয়ে চোরকে আটক করে পুলিশে দেন। আটক হওয়া ব্যক্তির নাম বাদল মিয়া। এদিকে হাসপাতালে নেওয়ার পথে ফিরোজ মারা যান।
লক্ষ্মীপুর: জেলার সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গঙ্গাপুর গ্রামে আট বছরের শিশুকে তার বাবা হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ঢাকা থেকে শিশুটি তার বাবা বাবুলের সঙ্গে গঙ্গাপুর গ্রামের বাড়িতে আসে। গতকাল সকালে দাদা মনির আহমেদ শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাজাহান বলেন, ঘটনার পর থেকে শিশুটির বাবা পলাতক।
সরিষাবাড়ী (জামালপুর): নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর গতকাল সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের বঘুনাথপুর গ্রামের একটি বিল থেকে জরিনা বেগম (৪২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। ওই গ্রামের শহীদ মিয়ার স্ত্রী জরিনা গত শনিবার রাতে বাড়ি থেকে নিখোঁজ হন। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কামরুল আহসান বলেন, জরিনা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।