তিন জেলায় শিশুসহ তিনজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামে লিয়াকত হোসেন মিয়া (৫৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে৷ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রথখোলা গ্রামে হযরত আলী (৮) নামের এক শিশু খুন হয়েছে৷ যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া গ্রামে সেলিম শেখ (৪০) নামের এক ব্যক্তিকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে | গত শুক্র ও শনিবার দিবাগত রাতে এসব ঘটনা ঘটে৷
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
মাগুরা: সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাসেম বলেন, লিয়াকত হোসেন বিষ্ণুপুর গ্রামের বাবর আলী মিয়ার ছেলে৷ শনিবার রাতে এশার নামাজের পর তিনি বাড়ি থেকে বের হন৷ পরে আর তিনি বাড়িতে ফেরেননি৷ সকাল সাড়ে আটটার দিকে স্থানীয় একটি খেতে তাঁর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন৷ পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে৷ লাশের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র আঘাতের একাধিক চিহ্ন রয়েছে৷
ঝিনাইদহ: হরিণাকুণ্ডু উপজেলার রথখোলা গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে হযরত আলী স্থানীয় রথখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল৷ হযরতের পরিবারের সদস্যরা জানান, শনিবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়৷ রাত নয়টার দিকে পাশের গোলাম মোস্তফার একটি পরিত্যক্ত কুয়ার মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখা যায়৷ ওই কুয়ায় কোনো পানি ছিল না৷ শিশুটিকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে৷
অভয়নগর (যশোর): অভয়নগর থানা থেকে জানা গেছে, শুক্রবার গভীর রাতে সেলিম শেখকে শ্বাস রোধ করে হত্যার পর উপজেলার চলিশিয়া গ্রামের কুঠিবাড়ি এলাকায় রাস্তার পাশে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা৷
পুলিশ জানায়, মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে মতিয়ার রহমান (৩৭) দীর্ঘদিন ধরে অভয়নগরের শংকরপাশা গ্রামের সেলিম শেখের বাড়িতে থাকতেন৷ একপর্যায়ে মতিয়ারের সঙ্গে সেলিমের স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে৷
সম্প্রতি স্ত্রী কৌশলে স্বামী সেলিম শেখের কাছ থেকে সম্পত্তি লিখে নেন এবং ওই সম্পত্তি বিক্রি করে টাকা মতিয়ারের কাছে জমা রাখেন৷ এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়৷ এ বিষয়ে বেশ কয়েকবার সালিস বৈঠকও হয়েছে৷ এরপর মতিয়ার ওই বাড়ি ছেড়ে চলে যান৷ শুক্রবার বিকেলে সেলিমকে টাকা আনার জন্য মতিয়ারের কাছে পাঠান স্ত্রী৷ এরপর সেলিম আর বাড়ি ফেরেননি৷ এ ঘটনায় সেলিমের মেয়ে শনিবার অভয়নগর থানায় একটি হত্যা মামলা করেছেন৷