‘তোমরা কাঁয়রে বাবা, জারের তানে কয় দিন থাকি নিন্দিবা পারোং না। আইজ ভাল করি নিন্দামো।’ গতকাল মঙ্গলবার প্রথম আলো ট্রাস্টের বিতরণ করা কম্বল পেয়ে এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন পঞ্চগড় পৌর এলাকার রামেরডাঙ্গা গ্রামের ভিক্ষুক অমিছা বেগম (৭৫)।গতকাল পঞ্চগড় ছাড়াও গোপালগঞ্জ ও খুলনার কয়রায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ৫১৫ জন শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:পঞ্চগড়: সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কবাদ আলী প্রধান শিশুসদনের ৩৫টি শিশু এবং পৌর এলাকার রামেরডাঙ্গা, ইসলামবাগ, কায়েতপাড়া, ডোকরোপাড়া ও মসজিদপাড়ার ৬৫ জন দুস্থ ও শীতার্ত ব্যক্তির মাঝে গতকাল কম্বল বিতরণ করা হয়। শিশুসদনে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের শিক্ষক আনিছুর রহমান প্রধান, শিশুসদনের তত্ত্বাবধায়ক এ আর এম শহিদুল ইসলাম প্রমুখ। এদিকে, ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের সংগঠন ওল্ড ফৌজিয়ানস অ্যাসোসিয়েশন (ওফা) পঞ্চগড়ের দুস্থ ও শীতার্ত ব্যক্তিদের মাঝে বিতরণের জন্য প্রথম আলো ট্রাস্টকে ২০০টি কম্বল দিয়েছে।গোপালগঞ্জ: সকালে শহরের প্রেসক্লাব চত্বরে শহরতলির বিভিন্ন গ্রামের ১০৭ জনকে কম্বল ও ২৮ জনকে সোয়েটার দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক অধ্যাপক আবদুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আ স ম আবদুল হক প্রমুখ। এরপর বেলা ১১টায় কাশিয়ানী উপজেলার রাহুথর বাজারে স্থানীয় উদয়ন স্কুল মাঠে ৫০ জন শীতার্ত ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় ওই স্কুলের অধ্যক্ষ সরোজকান্তি বাইন উপস্থিত ছিলেন।দুপুর সাড়ে ১২টায় কাশিয়ানী উপজেলার বিভিন্ন গ্রামের ১০০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। খুলনা: কয়রা উপজেলার ভাঙনকবলিত দক্ষিণ বেদকাশির হারেসখালি ক্লোজারের পশ্চিম পাড়ে পাতাখালি বেড়িবাঁধের ওপর আশ্রয় নেওয়া মানুষের মাঝে ৩০টি এবং ভাঙনের পূর্ব পাশে জোড়সিং বাজারের আশপাশে টংঘরে আশ্রয় নেওয়া লোকজনের মাঝে ৭০টি কম্বল বিতরণ করা হয়। এ ছাড়া উত্তর বেদকাশির আদিবাসী মুণ্ডাপাড়া ও কাছারিবাড়িতে শীতার্ত মানুষের মাঝে ৩০টি সোয়েটার বিতরণ করা হয়েছে।কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী ফেরদৌস ফয়সল, স্থানীয় সাংবাদিক হুমায়ুন কবির, রিয়াসাদ আলী প্রমুখ।