তিন জেলায় সংঘর্ষে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের স্বরূপকাঠিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের হামলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী, সাবেক সাংসদসহ ছয়জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ওই রাতেই দল-সমর্থিত এক চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর সময় সদর উপজেলা বিএনপির এক নেতাকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে। ভোলার তজুমদ্দিন উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। শরীয়তপুরের সদর ও নড়িয়ায় উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় ১৫ জন আহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পিরোজপুর: স্বরূপকাঠি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী শামীম হাসানের সমর্থকদের হামলায় সাবেক সাংসদ, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম এবং আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল হক আহত হন।
আবদুল হক অভিযোগ করেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে আমরা দৈহারী ইউনিয়নের গণকপাড়ায় দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করছিলাম। এ সময় শামীম হাসানের সমর্থক দৈহারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দুলাল শেখের নেতৃত্বে কয়েকজন আমাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন, কার্যালয়ের সামনে থাকা চারটি মোটরসাইকেল ভাঙচুর করেন ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেন।’ শামীম হাসান হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন।
স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুইদুল ইসলাম অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত নয়টার দিকে শামীম হাসানের সমর্থক আশিস বড়াল দলবল নিয়ে আবদুল হকের সমর্থক পরিমল বৈদ্যের ওপর হামলা চালিয়ে তাঁকে জখম করেন। এরপর তাঁরা ভজরঞ্জন সমদ্দারকে মারধর করেন। এ ছাড়া তাঁরা একই এলাকার সুশান্ত ব্যাপারী ও রবীন্দ্র নাথকে মারধর করেন। রাতেই পরিমল বৈদ্য ও ভজরঞ্জন সমদ্দারকে হাসপাতালে পাঠানো হয়। আশিস বড়াল তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
একই রাতে সন্ত্রাসীরা সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতালেব আকনকে (৬০) কুপিয়ে জখম করেছে। তিনি বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী এলিজা জামানের পক্ষে নির্বাচনী প্রচারণা শেষে টোনা ইউনিয়নের মূলগ্রামের বাড়িতে ঢুকছিলেন।
ভোলা: বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার খাসেরহাট বাজারে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী ফখরুল আলম ওরফে জাহাঙ্গীর ও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহিদুল্যাহ জসিমের সমর্থকেরা মিছিল বের করেন। এ সময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে পাল্টাপাল্টি ধাওয়া ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কবির পাটওয়ারী, রুবেল, আলমগীরসহ ১২ জন আহত হন। অহিদুল্যাহ জসিম ও ফখরুল আলম একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন। শরীয়তপুর: সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব মোর্শেদ ওরফে টিপুর সমর্থকদের বাড়িতে বৃহস্পতিবার রাত নয়টার দিকে হামলা চালান আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবুল হাসেম তপাদারের সমর্থকেরা। এতে সূর্যবান বিবি, রিনা বেগম ও শহিদুল ইসলাম আহত হন। হামলাকারীরা ছয়টি বসতঘর ভাঙচুর করেছেন।
নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হক ও অপর চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১২ ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইসমাইল হকের সমর্থকদের ওপর আনোয়ার হোসেনের সমর্থকেরা হামলা চালান। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত ব্যক্তিরা হলেন বাদল খলিফা, হারুন খলিফা, মোহামঞ্চদ আলী ব্যাপারী, সুমন ওস্তাগার, আলী আজগর দেওয়ান, রতন ওস্তাগার, মফিজুল হক, নুরুল ইসলাম, সজীব ছৈয়াল, হাসান ছৈয়াল, জোবায়ের আহমেঞ্চদ ও দেলোয়ার হোসেন। এঁদের মধ্যে ছয়জনকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম বলেন, সংঘর্ষের ঘটনায় ইসমাইল হকের সমর্থকেরা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ তিন ব্যক্তিকে আটক করেছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।