তিন জেলায় সংঘর্ষে নিহত ১ আহত ৭০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের মিঠামইন, ব্রাহ্মণবাড়িয়ার সদর ও সুনামগঞ্জের দিরাই উপজেলায় গত তিন দিনে সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৭০ জন আহত হয়েছে। গুরুতর আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কিশোরগঞ্জ: মিঠামইনের বৈরাটি ইউনিয়নের বড়গোপ ফিশারিতে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জামালের পক্ষের লোকজন মাছ ধরতে গেলে প্রতিপক্ষ মোসলেমের পক্ষের লোকজন তাঁদেরকে বাধা দেন। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন রামদা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কামাল মিয়া নামের এক ব্যক্তি বল্লমবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত এবং আরও ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কামাল অষ্টগ্রাম উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের পূর্ব কদমচাল গ্রামের মৃত ফজর আলী ভূঁইয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া: কয়েক দিন আগে সদর উপজেলার নাগরবাড়ির জাহের মিয়ার ছেলে রাসেল মিয়াকে মারধর করে বিহাইর গ্রামের কালা গাজীর গোষ্ঠীর লোকজন। এ ঘটনার জের ধরে গতকাল শুক্রবার ভোর ছয়টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ৩০টি বাড়িঘর ও বাজারের দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়।
দিরাই (সুনামগঞ্জ): উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নাছনি গ্রামে গত বুধবার সকাল নয়টার দিকে বাড়ির সামনে মলত্যাগ করাকে কেন্দ্রে করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হন। এদিকে দুর্গাপুর গ্রামে একই দিন সকাল সাড়ে আটটার দিকে আফরোজ মিয়া ও নাছির উদ্দিনের ছেলের ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।