তিন জেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় গত শুক্রবার রাতে পাবনার চাটমোহর উপজেলায় দুই ব্যক্তি ও পঞ্চগড়ের আটোয়ারীতে এক মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। গতকাল শনিবার সিরাজগঞ্জের রায়গঞ্জে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এর চালক প্রাণ হারান।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পাবনা: চাটমোহর উপজেলার গাইনগর ও গুয়াখড়া গ্রামে শুক্রবার রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন আটঘরিয়া উপজেলার খিদিরপুর পাড়াসিদাই গ্রামের ফিরোজা খাতুন (৬০) ও চাটমোহর উপজেলার প্রভাকরপাড়া গ্রামের আশিকুর রহমান (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ফিরোজা খাতুন দুধ ও পিঠা নিয়ে ইঞ্জিনচালিত করিমনযোগে আটঘরিয়া থেকে চাটমোহরের ধরইল গ্রামে বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথে তিনি চলন্ত করিমন থেকে ছিটকে পড়ে আহত হন। চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।
রাত আটটার দিকে আশিকুর রহমান নিজের করিমন নিয়ে চাটমোহর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাকের সঙ্গে করিমনটির ধাক্কা লাগে। এতে তিনি মাথায় আঘাত পান। চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে রাত ১১টার দিকে তিনি মারা যান।
পঞ্চগড়: ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সাতখামার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সামনে শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে কাঠবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসচালক ওমর আলী (৩৫) মারা যান। ওমর আলী আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান আব্দারের মাইক্রোবাসের চালক ছিলেন। তাঁর বাড়ি উপজেলার রাধানগর ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর গ্রামে। এ ঘটনায় শিশু ও নারীসহ আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন। মাইক্রোবাসটি সৈয়দপুর থেকে আটোয়ারী আসছিল।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): গতকাল সকাল সাতটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক জামাল উদ্দিন (৩০) প্রাণ হারান। তিনি ঢাকার রমনা এলাকার মৃত চান মিয়ার ছেলে। কাভার্ড ভ্যানটি দিনাজপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল।