তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় গতকাল সোমবার ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী ও দিনাজপুরের ঘোড়াঘাটে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ছাড়া গত রোববার বগুড়ার দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
পঞ্চগড়: গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ব্যবসার কাজে আটোয়ারীর তড়েয়া ইউনিয়নের নলপুকুরি গ্রামের পলাশ (২৭), একই ইউনিয়নের কিসমতধাপ গ্রামের আবদুর রাজ্জাক (২২) মোটরসাইকেলে করে আটোয়ারী থেকে বোদা যাচ্ছিলেন। তাঁরা আটোয়ারীর মাহিন ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়গামী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজ্জাক মারা যান। গুরুতর আহত পলাশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
থানার পরিদর্শক (তদন্ত) মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুপচাঁচিয়া (বগুড়া): রোববার সন্ধ্যায় ওষুধ ব্যবসায়ী শাহ আলম মুরাদ (২৭) বগুড়া থেকে ওষুধ কিনে একটি মোটরসাইকেলের পেছনে বসে বাসায় ফিরছিলেন। পথে তিনমাথা রেলগেট পার হওয়ার সময় পথচারীদের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় মুরাদ রাস্তার ওপর পড়ে যান। পরে একটি ট্রাক মুরাদের কোমর বরাবর চাপা দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে মুরাদকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে ঢাকা নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। মুরাদ দুপচাঁচিয়া পৌর এলাকার মহলদারপাড়ার বাসিন্দা ও উপজেলার সিও বাসস্ট্যান্ডের আজাদ মেডিকেল স্টোরের মালিক ছিলেন। এ দুর্ঘটনায় মুরাদের চাচাতো ভাই মোটরসাইকেলচালক মিলন ও মুরাদের বন্ধু বাবু আহত হন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিয়াজ উদ্দিন আহমেদ জানান, মুরাদ নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে দুপচাঁচিয়ার ব্যবসায়ীরা গতকাল বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখেন।
বিরামপুর (দিনাজপুর): গাইবান্ধার পলাশবাড়ীর শালমার গ্রামের আবু বক্কর সিদ্দিকের (৪০) ভ্যানে করে রোববার একই গ্রামের আবুল হোসেন, আহম্মদ আলী ও তাঁর স্ত্রী ফিরোজা বেগম এক ওরসে যান। ওই দিন রাতে ঘোড়াঘাটের সিংড়া গ্রামের পীরের মাজারে ওই ওরস হচ্ছিল। ওরস শেষে গতকাল সকালে আবু বক্করের ভ্যানে করে তাঁরা বাড়ি ফিরছিলেন। পথে ঘোড়াঘাটের কাশিগাড়ি এলাকায় একটি ট্রাক তাঁদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আবু বক্কর মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত তিনজনকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসাপতালে পাঠানো হয়।
ঘোড়াঘাট থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।