তিন জেলায় স্কুলছাত্রসহ তিনজন খুন
পাবনার ফরিদপুর উপজেলায় সজীব হোসেন (১২) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার তার লাশ উদ্ধার করা হয়। রাজশাহীর দুর্গাপুর উপজেলায় গতকাল এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া গত শনিবার দিনাজপুর সদর উপজেলায় আবদুস সামাদ (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়।
পুলিশ ও এলাকাবাসীর বরাত দিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর:
পাবনা: শনিবার রাত আটটার দিকে খেলা দেখার কথা বলে কয়েকজন যুবক ফরিদপুরের রতনপুর গ্রামের সজীবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে সে আর বাড়ি ফেরেনি। গতকাল বেলা ১১টার দিকে রতনপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে এলাকাবাসী তার লাশ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ সজীবের লাশ উদ্ধার করে। সে ওই গ্রামের আসাব আলীর ছেলে ও স্থানীয় ডেমরা হািজ জয়েন উল্লাহ উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। আসাব আলী জানান, তাঁর ছেলের সঙ্গে কারও শত্রুতা ছিল না। এক প্রতিবেশীর মেয়ের সঙ্গে সজীবের বন্ধুত্ব ছিল। বিষয়টি নিয়ে ওই প্রতিবেশীর সঙ্গে তাঁর কয়েকবার কথা-কাটাকাটি হয়েছে। এর জের ধরে সজীবকে হত্যা করা হতে পারে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহত সজীবের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব কোনো বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
রাজশাহী: দুর্গাপুরের ভালুকগাছি ডাঙ্গাপাড়া গ্রামের আবদুল জলিলের (৪০) সঙ্গে তাঁর বড় ভাই খলিলুর রহমানের (৫২) পারিবারিক বিষয় নিয়ে গতকাল সকালে ঝগড়া হয়। জলিল দুপুরের দিকে খলিলুরকে ফলা দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে উপজেলার পানানগর গ্রাম থেকে খলিলুরের শ্বশুরবাড়ির লোকজন এসে জলিলকে পিটিয়ে হত্যা করে।
থানার ওসি সাইফুল ইসলাম গতকাল বিকেলে জানান, জলিলের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
দিনাজপুর: সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের নশিপুর গ্রামের সামাদের সঙ্গে পাশের একবারপুর গ্রামের এক নারীর পরকীয়া ছিল। প্রায় রাতে সামাদ ওই নারীর বাড়িতে যেতেন। এতে ক্ষিপ্ত হন ওই নারীর সন্তানেরা। তাঁরা সামাদকে তাদের বাড়িতে আসতে নিষেধ করেন। কিন্তু সামাদ তাঁদের কথা আমলে নেননি। গত শনিবার রাতেও সামাদ ওই বাড়িতে যান। টের পেয়ে রাত ১১টার দিকে ওই নারীর দুই তরুণ ছেলে ও প্রতিবেশীরা সামাদকে মারধর করেন। একপর্যায়ে তাঁরা সামাদকে ঘর থেকে বের করে বাড়ির সামনে কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে রাখেন। এরপর মাছ ধরার (লোহার চিকন শিক দিয়ে তৈরি) কোঁচা দিয়ে তাঁর শরীরের বিভিন্ন অংশ খুঁচিয়ে জখম করেন। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন। একপর্যায়ে সামাদের মৃত্যু হয়। তিনি নশিপুর সরকারি পাটবীজ খামারের কর্মচারী ছিলেন।
কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন জানান, খবর পেয়ে গতকাল সকালে ঘটনাস্থল থেকে সামাদের লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে নিহত সামাদের স্ত্রী জয়না বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।