কিশোরগঞ্জের বাজিতপুরে টমটমের চাপায় গতকাল বৃহস্পতিবার এক স্কুলছাত্র নিহত হয়েছে। জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল ট্রাক থেকে ছিটকে পড়ে ট্রাকচালকের সহকারী নিহত হন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বগুইর এলাকায় গতকাল বাসচাপায় এক কিশোরী নিহত হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা সদরের সোহেল মিয়া (৩২), কুলিয়ারচরের লক্ষ্মীপুর গ্রামের রতন মিয়ার ছেলে রাহাত মিয়া (১২) এবং আশুগঞ্জ উপজেলার বগুইর এলাকার আইয়ুব আলী মিয়ার মেয়ে কুলসুম বেগম (১৬)।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
ভৈরব (কিশোরগঞ্জ): বাজিতপুর থানার পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে বাজিতপুরের পিরিজপুর এলাকা পার হওয়ার সময় শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান টমটম গাড়ি রাহাতকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। সে পিরিজপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। এ ঘটনায় রাহাতের স্কুলের শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত মহাসড়কে অবরোধ করে রাখে। সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে সরিষাবাড়ী (জামালপুর): পৌরসভার আরামনগর বাজার থেকে ধানের বস্তাবোঝাই করে একটি ট্রাক টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার উদ্দেশে রওনা দেয়। সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার চৌধুরী মোড় এলাকায় পৌঁছালে ট্রাক থেকে সোহেল মিয়া ছিটকে পাকা রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া: প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে কুলসুম মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিল। বগুইর এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী মিলন পরিবহন নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।