তিন জেলায় স্কুলছাত্রীসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রী (৯) ও বরিশাল সদরে এক যুবক (২৫) নিহত হয়েছেন। এ ছাড়া গত শুক্রবার বাগেরহাটের কচুয়ায় এক ঠিকাদার (৪৫) নিহত হয়েছেন।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর
ফরিদপুর: গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের গিমাডাঙ্গা মল্লিকের মাঠ এলাকায় গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তা পার হচ্ছিল স্কুলছাত্রী তানজিলা (৯)। এ সময় টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তানজিলা টুঙ্গিপাড়ার পাটগাতি ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামের আমীর হোসেনের মেয়ে। সে গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
বাগেরহাট: নুর মোহাম্মদ মোল্লা চট্টগ্রামে ঠিকাদারি করতেন। তিনি পরিবার নিয়ে গত বৃহস্পতিবার কচুয়ার সাইনবোর্ড এলাকায় শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। গত শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে স্ত্রী ও ছেলেকে নিয়ে তিনি মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। বাগেরহাট-পিরোজপুর সড়কে কচুয়ার শিবপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি, তাঁর স্ত্রী পারভীন বেগম (৩২) ও ছেলে সৈকত (৬) গুরুতর আহত হয়। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নুর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন।
বরিশাল: বাবুগঞ্জের মোহনগঞ্জের টুলু মিয়ার ছেলে সায়েম মিয়া তাঁর দুই সহযোগীসহ মোটরসাইকেলে করে গতকাল শনিবার বরিশাল থেকে উপজেলার রহমতপুরে যাচ্ছিলেন। পথে বিকেল চারটার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার রেইনট্রিতলা এলাকায় পৌঁছালে একটি বাস তাঁর মোটরসাইকেলকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সায়েমকে মৃত ঘোষণা করা হয়।