তিন জেলায় সড়ক দুর্ঘটনা, কলেজছাত্রসহ নিহত ৬
কুমিল্লার চৌদ্দগ্রাম ও ময়নামতিতে গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। মৌলভীবাজারের জুড়ী ও কুলাউড়া উপজেলায় গতকাল এবং টাঙ্গাইলে গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ আরও তিনজন নিহত হয়।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা: চৌদ্দগ্রামের মিয়াবাজার মহাসড়ক (হাইওয়ে) ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, গতকাল সকাল ১০টায় কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি বাজার এলাকায় পৌঁছালে ফেনীগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ব্যক্তি নিহত ও আটজন আহত হয়। আহত ব্যক্তিদের প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। এদিকে গতকাল দুপুর ১২টা ৪৫ মিনিটে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার ময়নামতি এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (২২)। তিনি বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের মুড়াপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
জুড়ী (মৌলভীবাজার): পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, চট্টগ্রামের একটি সার কারখানার কর্মকর্তা আনসার উদ্দিন পরিবারের সদস্যদের নিয়ে ঈদের ছুটিতে সিএনজিচালিত অটোরিকশায় বড়লেখার ইয়াকুবনগরের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে কুলাউড়া উপজেলার রামপাশা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে এটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আনসারের শ্যালক ইসলাম উদ্দিন (২২) মারা যান। এ সময় আনসারসহ তাঁর স্ত্রী হাজেরা বেগম, মেয়ে হালিমা বেগম ও ছেলে আবদুল্লাহ আল মামুন আহত হন। ইসলাম উদ্দিনের বাড়ি বড়লেখা উপজেলার ইয়াকুবনগর গ্রামে। গতকাল সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর গ্রামের আরজু মিয়ার ছেলে মমিনুল হক (১৮) অটোরিকশায় কুলাউড়া থেকে বড়লেখায় এক আত্মীয়বাড়িতে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে জুড়ী উপজেলার মানিকসিংহ বাজার এলাকায় পৌঁছালে এটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে মমিনুল গুরুতর আহত হন। পরে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য নেওয়ার পথে তিনি মারা যান। মমিনুল স্থানীয় গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। কুলাউড়া থানার ওসি মো. শামসুদ্দোহা ও জুড়ী থানার ওসি জালাল উদ্দিন আহমদ বলেন, দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহত দুই ব্যক্তির লাশ মৌলভীবাজারের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মির্জাপুর (টাঙ্গাইল): পুলিশ ও এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকায় ঢাকাগামী আনারসবোঝাই একটি ট্রাক সামনে থাকা একটি বাসকে অতিক্রম করার সময় উল্টে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা কয়েকজন নিচে পড়ে গেলে পেছন থেকে আসা অন্য একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ট্রাকের আরোহীরা আহত হন। তাঁদের মধ্যে টাঙ্গাইলের মধুপুর উপজেলা সদরের আনারস ব্যবসায়ী শহিদকে (৪৫) উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি মো. খলিলুর রহমান বলেন, নিহত ব্যক্তির লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।