তিন জেলায় সড়ক দুর্ঘটনা শিক্ষক শিশুসহ নিহত ৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল সোমবার বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুটি শিশুসহ চারজন নিহত হয়েছেন। একই দিন চাঁদপুরের হাজীগঞ্জে মোটরসাইকেলের চাপায় শিক্ষক আ. কাইয়ুম তপাদার (৮০) ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় আবদুল মালেক (৭২) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:শ্রীমঙ্গল (মৌলভীবাজার): উপজেলার লছনা বাজারের কাছে গতকাল দুপুর ১২টার দিকে কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি সড়কের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলে তিনজন এবং পরে হাসপাতালে একজন প্রাণ হারান। এদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন অটোরিকশাচালক হবিগঞ্জের বাহুবলের পূর্ব জয়পুর গ্রামের আবদুর রহমান (৩২) ও শ্রীমঙ্গলের লইয়ারকুল গ্রামের জয় রায় (১৫)। নিহত ব্যক্তিদের মধ্যে অজ্ঞাতনামা এক নারী (৩৭) ও একটি শিশু (১২) রয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তিদের লাশ শ্রীমঙ্গলের সাতগাঁও পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া: আশুগঞ্জ উপজেলার সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গতকাল সকাল সাতটার দিকে রাস্তা পার হওয়ার সময় সিলেটগামী একটি প্রাইভেট কার আবদুল মালেককে ধাক্কা দেয়। এতে গাড়িটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং আবদুল মালেক ঘটনাস্থলেই মারা যান। তাঁর বাড়ি সোহাগপুর গ্রামে। এ ঘটনায় সহস্রাধিক লোক ওই বিদ্যালয়ের সামনে গতিরোধক নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের বেলচো বাজার এলাকায় গতকাল বেলা ১০টার দিকে আ. কাইয়ুম তপদার রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় জনগণ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।