তিন জেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও বগুড়ার দুপচাঁচিয়ায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:বিরামপুর (দিনাজপুর): উপজেলার চণ্ডীপুর এলাকায় গতকাল সকাল ১০টায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনের চালক উপজেলার দিওড় গ্রামের শিপেন চন্দ্র (২৬) নিহত ও যাত্রী রেজোয়ান হোসেন (২৫) আহত হন। স্থানীয় লোকজন রেজোয়ানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।চাঁপাইনবাবগঞ্জ: গোমস্তাপুর উপজেলার আড্ডা এলাকায় গতকাল সকালে একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী আড্ডা ভাটখৈর গ্রামের সাগর আহমেদ (২৫) ও শফিকুল ইসলাম (৪৫) নিহত হন।দুপচাঁচিয়া (বগুড়া): বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়ার সাহারপুকুর বাজারে গতকাল একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপচালক আদমদীঘির বড় আখিড়া গ্রামের বাসিন্দা বাচ্চু সাখিদার (৩৫) নিহত এবং বাসের ১২ যাত্রী আহত হন। আহতদের মধ্যে নূর আলম ও আলেফ উদ্দিনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।