তিন জেলায় সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা, বগুড়ার শেরপুর ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গত সোমবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ২৯ জন আহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: সাতক্ষীরা: রাত সাড়ে ১০টার দিকে শহরের জজ আদালতের সামনে একটি মোটরসাইকেলকে পেছন থেকে মালবাহী একটি ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেলের চালক আজমল গাজী (২৫) নিহত হন। তাঁর বাড়ি তালা উপজেলার নগরঘাটা গ্রামে। পরে লোকজন ট্রাকচালক সফিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাঁর বাড়ি কালীগঞ্জ উপজেলার সাদভোর গ্রামে।শেরপুর (বগুড়া): ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ও হাজীপুর এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন সিরাজগঞ্জের শাহেতনগর এলাকার এজারুল ইসলাম (৪৭) ও শহরের উলিপুর এলাকার বুলেট (৪৫)। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, বেলা আড়াইটায় এজারুল ইসলাম মোটরসাইকেলে করে সিরাজগঞ্জে যাওয়ার পথে পেছন থেকে একটি মাইক্রোবাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। অপরদিকে রাত ১০টায় মহাসড়ক পারাপারের সময় বগুড়াগামী একটি বাসের চাপায় বুলেট নিহত হন।ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): দুপুরে ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী সড়কের সোহাগীর হাটুলিয়ায় আঠারবাড়ী যাওয়ার পথে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে হেলপারসহ ৩০ যাত্রী আহত হন। রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহবুব হোসেন (৩০) নামের এক ব্যক্তি মারা যান। তাঁর বাড়ি পাবনায়। তিনি ময়মনসিংহ সদর উপজেলা ব্র্যাকের কম্পিউটার প্রকৌশলী বলে জানা গেছে।