তিন জেলায় সড়ক দুর্ঘটনায় চালকসহ আটজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই, সিরাজগঞ্জের তাড়াশ ও ঝালকাঠিতে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকসহ আটজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:মিরসরাই (চট্টগ্রাম): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বড় কমলদহ ভাঙ্গা পোল এলাকায় গতকাল রোববার একটি ট্রাক অপর একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী সীতাকুণ্ড উপজেলার মহালঙ্কা গ্রামের নিজাম উদ্দিন (৪০), শাহজাহান (৩৯) ও মিরসরাইয়ের বালিয়াদি গ্রামের ট্যাক্সিচালক রাসেল (২০) নিহত হয়েছেন।সিরাজগঞ্জ: হাটিকুমরুল-বনপাড়া সড়কের তাড়াশ উপজেলার হামকুড়িয়া এলাকায় সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদারি কাজে নিয়োজিত একটি পানিবাহী ট্রাক রোববার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ট্রাকের চালক ফরহাদ হোসেন (৫৫) ও শ্রমিক আবুল কালাম (৪০) নিহত হন। রোববার বিকেলে একই সড়কের নাইমুড়ি এলাকায় মাইক্রোবাস চাপায় খবির মির্জা (৭০) নিহত হন। তাঁর বাড়ি নাইমুড়ী গ্রামে।ঝালকাঠি: নলছিটি-বারইকরণ সড়কের মালিপুর স্কুল ব্রিজের পাশে একটি যাত্রীবাহী টেম্পোর চাপায় গত শনিবার গাছ ব্যবসায়ী কেরামত হাওলাদার (৪৫) নিহত হয়েছেন। তাঁর বাড়ি নলছিটির মালিপুর গ্রামে। একই দিন ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির পঞ্চম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর (গাবখান ব্রিজ) পশ্চিম পাড়ে ট্রাকচাপায় স্বরূপকাঠির সাগরকান্দা গ্রামের খালেদা আক্তার (৪৫) নিহত হন।