তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত, আহত ২৩
লালমনিরহাট, নওগাঁ ও চাঁদপুরে গত দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৩ জন। নিহতদের মধ্যে লালমনিরহাটে মা-মেয়েসহ চারজন, নওগাঁয় মাদ্রাসাশিক্ষক ও চাঁদপুরে একটি বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানির একজন প্রকৌশলী রয়েছেন। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহত ব্যক্তিদের বরাত দিয়ে ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর: লালমনিরহাট: ঢাকা থেকে বুড়িমারীগামী হানিফ পরিবহনের একটি নৈশকোচ গতকাল সকালে হাতিবান্ধা উপজেলার পারুলিয়া বাজার এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে রশিদুল ইসলামকে (৫০) পেছন থেকে ধাক্কা দেয়। এতে টিঅ্যান্ডটি অফিসের কর্মচারী রশীদ ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার সময় তিনি বাইসাইকেল চালাচ্ছিলেন।অপর এক ঘটনায় দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সিঙ্গিমারী এলাকার সাব-রেজিস্ট্রারি অফিসের সামনে রংপুর থেকে পাটগ্রামগামী বিনোদন পরিবহনের একটি বাস ইয়াকুব আলী (৫৫) নামের এক ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হাতিবান্ধা থানার ওসি এনামুল হক জানান, দুটি ঘটনায় থানায় পৃথক মামলা হয়েছে। এদিকে রোববার বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা জুম্মাপাড়া এলাকায় পাটগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নদীতে পড়ে যায়। এতে বাসযাত্রী পাটগ্রামের রবিউল ইসলামের স্ত্রী রোজিনা বেগম (৩৫) ও তাঁর মেয়ে রোমানা খাতুন (৫) ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও অন্তত ২০ জন। এদের মধ্যে গুরুতর আহত সাতজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পাটগ্রাম থানার ওসি মোরশেদুল করিম মো. ইফতেসাম বলেন, এ ঘটনায় নিহত রোজিনার স্বামী রবিউল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন। নওগাঁ: নওগাঁ-রাজশাহী সড়কের মান্দা উপজেলার সাতবাড়িয়া নামক স্থানে গতকাল সকালে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী মাদ্রাসাশিক্ষক আবুল কালাম আজাদের মৃত্যু হয়েছে। তিনি কুসুম্বা দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করতেন। প্রত্যক্ষদর্শী ও মান্দা থানার পুলিশ জানায়, এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ওই পথে চলাচলকারী অন্তত ২০টি বাস ও ট্রাক ভাঙচুর করে। ব্যারিকেড দিয়ে অবরোধ করে রাখে সড়ক। এর ফলে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টা নওগাঁ-রাজশাহী সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে মান্দা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়ি চলাচল স্বাভাবিক হয়। মান্দা থানার ওসি আবদুল্লাহেল বাকী জানান, পুলিশ মহাদেবপুর উপজেলার নওহাটার মোড় থেকে বাসটি আটক করেছে। চাঁদপুর ও ফরিদগঞ্জ: ফরিদগঞ্জের ভাটিয়ালপুর দাসবাড়ি এলাকায় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে চাঁদপুর থেকে ফরিদগঞ্জগামী একটি স্কুটারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জুবায়ের আলম (৩২) নামের এক ব্যক্তি মারা যান। তাঁর বাড়ি জামালপুর জেলায়। তিনি বেসরকারি মোবাইল অপারেটর এয়ারটেলের প্রকৌশলী ছিলেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাঁরা হলেন ফিরোজ আলম (২২), নুরুল ইসলাম (২৯) ও কামাল হোসেন (৪০)।