তিন জেলায় সড়ক দুর্ঘটনায় তরুণসহ নিহত ৩
হবিগঞ্জের বাহুবল উপজেলায় গতকাল বুধবার ট্রাকের চাপায় এক তরুণ প্রাণ হারিয়েছেন। কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে গত মঙ্গলবার একটি যাত্রীবাহী বাসের চাপায় এক লেগুনা চালকের সহকারী নিহত হন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি মারা গেছেন।
নিহত ব্যক্তিরা হলেন বাহুবল উপজেলার কল্যাণপুর এলাকার আবুল কালামের ছেলে জিয়াউর রহমান (২৫), দাউদকান্দি উপজেলার ঢাকারগাঁও গ্রামের আবদুল বারেক মিয়াজীর ছেলে ইমন মিয়াজী (১৮) ও সরাইল উপজেলার বেড়তলা গ্রামের শহীদ মিয়া (৬৫)।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে জিয়াউর রহমান বাহুবল উপজেলার কল্যাণপুর এলাকার রাস্তা পারাপারের সময় সিলেটগামী একটি মালবোঝাই ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার কল্যাণপুর প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে আটকের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ট্রাকটি আটক করলেও চালককে আটক করা যায়নি। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।
দাউদকান্দি (কুমিল্লা): প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে গৌরীপুর বাসস্ট্যান্ডে লেগুনা দাঁড় করিয়ে রেখে যাত্রী ওঠাচ্ছিলেন ইমন। এ সময় ঢাকা থেকে সোনাপুরগামী যাত্রীবাহী বাস পেছন দিক থেকে ইমনকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশ বাসটি আটক করেছে। এই ঘটনায় হাইওয়ে থানায় মামলা হয়েছে।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা বাসস্ট্যান্ড এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় বেড়তলা গ্রামের শহীদ মিয়া গুরুতর আহত হন। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এই ঘটনায় গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে বেড়তলা বাসস্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গণে শহীদ মিয়ার জানাজার জন্য প্রস্তুতি নিচ্ছিল স্থানীয় লোকজন। এ সময় একটি প্রাইভেট কার ঢাকা–িসলেট মহাসড়কের পাশে দাঁড়ানো বেড়তলা গ্রামের আবু বকর মিয়া (৩৫) ও তাঁর মেয়ে আসিয়া বেগমকে (৭) ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সন্ধ্যা ছয়টার দিকে স্থানীয় লোকজন ওই এলাকায় গতিরোধক নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখে। এতে ঢাকা–িসলেট মহাসড়কের দুই পাশে বিকেল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। আধ ঘণ্টা পর সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর ঘটনাস্থলে পৌঁছে গতিরোধক নির্মাণের প্রতিশ্রুতি দিলে জনতা অবরোধ তোলে নেয়।বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর জানান, মহাসড়কের সরাইলে বেড়তলা এলাকায় গতিরোধক নির্মাণের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করে স্থানীয়রা।