তিন জেলায় সড়ক দুর্ঘটনায় তিন ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ ও মাদারীপুরে গতকাল মঙ্গলবার বাস ও মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছে। এ ছাড়া গত সোমবার ঝিনাইদহের মহেশপুর উপজেলায় কলের লাঙলের (ট্রাক্টর) চাপায় সোলাইমান হোসেন (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: গোপালগঞ্জ: গতকাল সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা এলাকায় ঢাকাগামী একটি বাস পেছন থেকে একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইকে থাকা মোজাম মোল্লা (৬৫) রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মোজাম মোল্লার বাড়ি টুঙ্গিপাড়া উপজেলায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।মাদারীপুর: গতকাল সকালে মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় সড়ক পার হওয়ার সময় সৈয়দ সামসুদ্দিন (৬৫) নামের এক ব্যক্তিকে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। গুরুতর আহতাবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সামসুদ্দিনের বাড়ি সদর উপজেলার দুধখালী ইউনিয়নের পাতিলাদী গ্রামে। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা মাদারীপুর-শরীয়তপুর সড়কে গাছের গুঁড়ি ফেলে দুই ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঝিনাইদহ: সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মহেশপুর-খালিসপুর সড়কে মহেশপুর উপজেলার বেলেঘাট মোড় এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি কলের লাঙলের নিচে চাপা পড়ে সোলাইমান ঘটনাস্থলেই মারা যান। তিনি উপজেলার ভাইলাইপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।