তিন জেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
ঝিনাইদহ, কুষ্টিয়া ও লালমনিরহাটে গত দুই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:ঝিনাইদহ: শুক্রবার রাত আটটার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর ব্রিজের কাছে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় শৈলকুপা উপজেলার দেড়ীপাড়া গ্রামের আসমা বেগম (৫০) গুরুতর আহত হন। তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পর রাতেই মারা যান।কুষ্টিয়া: গতকাল শনিবার বেলা ১১টার দিকে মিরপুর উপজেলার নয়মাইলে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন উপজেলার খাদিমপুর গ্রামের বাসিন্দা বেলী খাতুন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। পরে জেলা প্রশাসনের অনুমতিক্রমে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।পাটগ্রাম (লালমনিরহাট): লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে বাউরা বাজারে গতকাল সকাল নয়টায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় রসুলপুর গ্রামের হরেন চন্দ্র রায়ের ছেলে সবুজ চন্দ্র রায় (২৪) ঘটনাস্থলে নিহত হন।