তিন জেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, আহত ৪৫
কুষ্টিয়ায় গতকাল বুধবার ট্রাকের চাপায় নয়ন আলী (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। একই দিন গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে কমপক্ষে ৪৫ জন আহত হয়েছে। এ ছাড়া গত মঙ্গলবার খুলনায় একটি বাস সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে বাসটির চালকের সহকারী নিহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গোপালগঞ্জ: কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, বেলা সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস উপজেলার মাঝবাড়ি এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে বাসের প্রায় ৪৫ জন যাত্রীর সবাই আহত হয়। তাদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। কুষ্টিয়া: কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে কুষ্টিয়ার আলামপুর এলাকায় গতকাল সকাল নয়টার দিকে ট্রাকের চাপায় নয়ন আলী (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। কুষ্টিয়া মডেল থানা সূত্রে জানা গেছে, ওই সময় নয়ন রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়।খুলনা: খুলনা-যশোর মহাসড়কে খুলনার ফুলতলা উপজেলার আফিলগেট এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে সুমন (১৩) নামের এক শিশু নিহত হয়। সুমন ওই বাসের চালকের সহকারী বলে জানা গেছে।