তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত চার, আহত ১০
সিরাজগঞ্জের উল্লাপাড়া, ঠাকুরগাঁও ও পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও বৃদ্ধসহ চারজন নিহত ও ১০ জন আহত হয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার ধোপাকান্দিতে গত শুক্রবার সন্ধ্যায় একটি নছিমন (সেচযন্ত্রচালিত যান) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এক বৃদ্ধ নিহত এবং ১০ যাত্রী আহত হন। নিহত মোকারম হোসেনের (৮০) বাড়ি উপজেলার ধোপাকান্দি গ্রামে। সদর উপজেলার গলিমবাবুরহাট গ্রামের ললিত কুমার রায় (৩৮) ও দীনেশ চন্দ্র (১৮) গত শনিবার সকালে একটি বাইসাইকেল নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে ঠাকুরগাঁও-গড়েয়াহাট সড়কের কার্তিকতলা এলাকায় পৌঁছালে গড়েয়াহাটগামী একটি দ্রুতগামী ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ললিত কুমার মারা যান। গুরুতর আহত দীনেশকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পর সেখানে তিনি মারা যান। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী (হেলপার) ট্রাকটি ফেলে পালিয়ে যান।পাবনার চাটমোহর-ছাইকোলা সড়কে শুক্রবার সন্ধ্যায় নছিমনের ধাক্কায় রনি হোসেন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার ছাইকোলা ইউনিয়নের ছাইকোলা পূর্বপাড়া গ্রামের আমির হোসেন মণ্ডলের ছেলে। আহত ব্যক্তির মৃত্যুসৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, সৈয়দপুরে লাশবাহী গাড়ি উল্টে আহতদের মধ্যে মো. একরা (২৪) গতকাল শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি সৈয়দপুর উপজেলা খাতামধুপুর ইউনিয়নের মাঝপাড়ার আজিমুদ্দিনের ছেলে। এ নিয়ে ওই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হলো।