তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদীতে গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন। একই দিন কুষ্টিয়ার মিরপুরে ও গত শনিবার পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর;
গৌরনদী (বরিশাল): ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর গাইনেরপাড় এলাকায় গতকাল রডবোঝাই একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে কাভার্ড ভ্যানের সামনের কাচ ভেঙে চালকের পাশে বসে থাকা তাঁর সহকারী সাইফুল ইসলাম খানের (২০) পেটে ঢুকে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
কুষ্টিয়া: পাঁচজন যাত্রী নিয়ে গতকাল সকাল আটটার দিকে একটি নছিমন কুষ্টিয়া যাচ্ছিল। মিরপুর উপজেলার কাতলামারী বাজারে গতিরোধকের সঙ্গে ধাক্কা খেয়ে নছিমনটি উল্টে যায়। এতে যাত্রী মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের বেলেজান খাতুন (৫৮) গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মঠবাড়িয়া (পিরোজপুর): মঠবাড়িয়া উপজেলার বহেরাতলা এলাকায় গত শনিবার সন্ধ্যায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের চালক আবুল কালাম (৩৫) ও আরোহী লিমন মিয়া (২৩) আহত হন। আবুল কালামকে রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।