তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সড়ক দুর্ঘটনায় নীলফামারী, পঞ্চগড় ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একজন করে নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। নীলফামারী-সৈয়দপুর সড়কে শুক্রবার বিকেলে সড়ক দুর্ঘটনায় আবদুল বাতেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বেসরকারি সংস্থা আশার নীলফামারী জেলা সদরের কাজীরহাট শাখার সহকারী ব্যবস্থাপক। তাঁর বাড়ি নীলফামারী জেলার ডিমলা উপজেলার চাপানী গ্রামে।প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে আবদুল বাতেন তাঁর স্ত্রী শেফালী ও দেড় বছরের ছেলে রাজকে নিয়ে মোটরসাইকেলে চড়ে তাঁর কর্মস্থল কাজীরহাটে যাচ্ছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে দারোয়ানী টেক্সটাইল মিল এলাকায় একই দিকে যাওয়া আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তাঁর স্ত্রী ও ছেলে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে যান। তবে বিপরীত দিক থেকে আসা নীলফামারীগামী এসআর ট্রাভেলসের একটি বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান।পঞ্চগড়: সদর উপজেলার ধাক্কামারা সরদার পাড়া গ্রামে গতকাল শনিবার ভোরে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাক্টরের হেলপার মকছেদুল (৩০) ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি ঠাকুরগাঁও জেলার মুন্সিরহাট খুলসিপুকুর গ্রামে। এ সময় দুজন গুরুতর আহত হয়। গাইবান্ধা: রংপুর-ঢাকা মহাসড়কে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মান্তা এলাকায় গতকাল শনিবার একটি যাত্রীবাহী বাস উল্টে লুৎফর রহমান (৫০) নামের এক ব্যক্তি নিহত ও অন্তত নয়জন আহত হয়। নিহত লুৎফর রহমানের বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়। আহত ব্যক্তিদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল সকাল সাতটার দিকে চট্টগ্রাম থেকে লালমনিরহাটগামী নিউ স্পেশাল জনতা এক্সপ্রেস পরিবহনের বাসটি মান্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে পড়ে।