তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
মাদারীপুরের কালকিনি ও রাজবাড়ীর সদর উপজেলা এবং ফরিদপুর শহরে গত বুধবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:কালকিনি (মাদারীপুর): ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার মেলকাই এলাকায় গত বুধবার বরিশালগামী ইলিশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী শরীয়তপুরের জাজিরা উপজেলার সুমন ঘোষ নিহত হন।রাজবাড়ী: দৌলতদিয়া-খুলনা সড়কের সদর উপজেলার নালাপচা সেতুর কাছে গত বুধবার গভীর রাতে ট্রাকের চাপায় এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আয়নাল (৩২)। তিনি মাগুরার ধনখালী গ্রামের শফিউদ্দিনের ছেলে।ফরিদপুর: ফরিদপুর শহরের গোপালপুর এলাকায় গত বুধবার বিকেলে একটি বাইসাইকেলকে পেছন থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে বাইসাইকেলের আরোহী শহরের হাবেলী গোপালপুর এলাকার গোলাম মওলা (৪৫) রাস্তার ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি মারা যান।