তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নীলফামারীর জলঢাকা ও বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও বাসের চাপায় স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছে। এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জলঢাকা উপজেলার বড়ঘাট এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মশিউর রহমান নামের পঞ্চম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। সে উপজেলার বিন্যাকুড়ি ইউনিয়নের বড়ঘাট এলাকার শাহ আলমের ছেলে ও সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
বগুড়া-নওগাঁ সড়কের কাহালুর শেখাহার বাসস্ট্যান্ড এলাকায় বাসের চাপায় প্রাণ হারান মানসিক প্রতিবন্ধী ফরিদ উদ্দিন (২৫)। বিকেল সাড়ে চারটার দিকে সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই ফরিদ মারা যান। তিনি দুপচাঁচিয়া উপজেলার পূর্ব আলোহালী গ্রামের নূর ইসলামের ছেলে।
তেঁতুলিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত পথচারীর নাম মো. রঞ্জু (২২)। দুপুরে বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়াগামী যাত্রীবাহী বাসটি উপজেলার তীরনইহাট ইউনিয়নের রণচণ্ডী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী রঞ্জুকে ধাক্কা দিয়ে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে রঞ্জু প্রাণ হারান। এ ঘটনায় আরও ২৬ জন যাত্রী আহত হন। এদের মধ্যে গুরুতর আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ওই ইউনিয়নের বাবুরানী জোত গ্রামের মোরশেদ আলীর ছেলে।
{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নীলফামারী, পঞ্চগড় ও দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি।}