তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকায় গতকাল রোববার দুর্ঘটনায় জুলহাস উদ্দিন (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। শেরপুরের শ্রীবরদী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুস ছালাম বেপারী (৫০) গত শনিবার সড়ক দুর্ঘটনায় নিহত হন। কুমিল্লার হোমনায় সড়ক দুর্ঘটনায় পৌর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি
রাজু আহম্মেদ নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ: গতকাল সকাল আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর বাজার এলাকায় জুলহাস উদ্দিন সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জুলহাস উদ্দিন উপজেলার কাশর গ্রামের বাসিন্দা। থানার ওসি গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শেরপুর: শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে শ্রীবরদী থেকে ময়মনসিংহ যাওয়ার পথে গলগণ্ড এলাকায় পেছন থেকে মালবাহী একটি ট্রাক ছালামকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ছালামকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ছালাম বেপারী ২০০৯ সালের ১০ মার্চ শ্রীবরদীতে যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া): শনিবার সন্ধ্যা সাতটার দিকে হোমনার রামকৃষ্ণপুর থেকে সাংসদের গাড়িবহর হোমনা সদরে যাচ্ছিল। এ সময় মোমেন মিয়া ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির হোমনা পৌর সভাপতি রাজু আহম্মেদও মোটরসাইকেলে করে তাঁদের সঙ্গে যাচ্ছিলেন। চুরানচর সেতুর কাছে পৌঁছালে উল্টো দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক্টর আসতে দেখে মোটরসাইকেলটি থামানোর চেষ্টা করেন রাজু। এ সময় তাঁরা দুজন মোটরসাইকেল থেকে পড়ে যান। ট্রাক্টরটি রাজুকে চাপা দিয়ে চলে যায়।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। থানার ওসি কামরুজ্জমান সিকদার জানান, ট্রাক্টরটি খোঁজা হচ্ছে।