তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
দক্ষিণাঞ্চলের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল শনিবার ও গত শুক্রবার ওই সব দুর্ঘটনা ঘটে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:
নিহত ব্যক্তিরা হলেন ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার আরিফ মোল্লা (২৮), গোপালগঞ্জ শহরের মৌলভীপাড়া মহল্লার শিখা বেগম (৪৬) ও অজ্ঞাতনামা এক যুবক (৩৬)।
ফরিদপুর: ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার বলেন, গতকাল সকালে আরিফ মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের মাধবপুর এলাকায় পেছন থেকে ফরিদপুর থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরিফ বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লি প্রগতি সহায়ক সমিতির গোপালগঞ্জ জেলার বৈলতলী ইউনিটের ব্যবস্থাপক ছিলেন
এদিকে গোপালগঞ্জে বাসচাপায় শিখা বেগম নামে কৃষি ব্যাংকের এক কর্মকর্তার স্ত্রী নিহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদরের কৃষি ব্যাংক কাঠী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা নাজবুল ইসলাম একটি মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে পারিবারিক অনুষ্ঠানে পাইককান্দি ইউনিয়নের পুকুরিয়া গ্রামে যাচ্ছিলেন। পথে হরিদাসপুর ইউনিয়নের নিমতলা এলাকায় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস তাঁদের চাপা দেয়।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সোবাহান বলেন, দুর্ঘটনায় শিখা বেগম গুরুতর আহত হন। তাঁকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিখা মারা যান।
দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নাজবুল সামান্য আহত হন। তাঁকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা: প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অজ্ঞাতপরিচয়ের ওই যুবক গতকাল দুপুরে সদর উপজেলার বদরগঞ্জ থেকে পায়ে হেঁটে সরোজগঞ্জ বাজার অভিমুখে যাচ্ছিলেন। নয়মাইল এলাকায় পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সদর উপজেলার সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই আজিজুল হক বলেন, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।