তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। একই দিন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক তরুণ ও লালমনিরহাটের পাটগ্রামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। 

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

বিরামপুর (দিনাজপুর): বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শাকিলা পারভিন বলেন, ভোরে উপজেলার চণ্ডীপুর এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক ট্রাকের চালক মোস্তফা হোসেন (৪৫) নিহত হন। এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত অপর ট্রাকচালক রবিউল ইসলামসহ তিনজনকে উদ্ধার করে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত মোস্তফা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের রঘুনাথপুর সরকারপাড়া গ্রামের বাসিন্দা।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও): পীরগঞ্জ থেকে তেলবাহী ট্যাংকলরি রানীশংকৈলের দিকে যাচ্ছিল। বিকেল তিনটার দিকে ট্যাংকলরিটি রানীশংকৈলের গোগর চৌরাস্তার কাছে মাদ্রাসার সামনে পৌঁছায়। এ সময় আনোয়ার হোসেন (১৮) ওই সড়ক পার হচ্ছিলেন। এ সময় ওই ট্যাংকলরিটি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।আনোয়ার গোগর ঝাড়বাড়ি গ্রামের মো. মসলিমউদ্দীনের ছেলে।

পাটগ্রাম (লালমনিরহাট): হোটেল শ্রমিকনূর আলম (১৮) সকাল আটটার দিকে বাড়ি থেকে বের হয়ে বাইসাইকেলে করে পাটগ্রামের পৌরবাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পৌরসভার বাইপাস সড়কের একটি অটোরাইস মিলের সামনেএকটি ট্রাক নূর আলমের বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নূর আলম পৌরসভার স্টেশনপাড়ার ওহিদুল মিয়ার ছেলে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।