তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বাগেরহাট, চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও বগুড়ার শেরপুরে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:বাগেরহাট: বাগেরহাট-খুলনা সড়কের খানজাহানিয়া গণবিদ্যালয়ের সামনে গতকাল ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাগেরহাটগামী অপর একটি বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে বাগেরহাটগামী বাসের যাত্রী আকুল বালা মণ্ডল (৬৫) নিহত হন। এ সময় দুই বাসের আরও ৩৩ জন যাত্রী আহত হন। নিহত আকুল বালা মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাতি গ্রামের মৃত রথীকান্ত মণ্ডলের স্ত্রী।রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া পৌর সদরের রোয়াজারহাটে গতকাল ট্রাকের চাপায় শাহাজাহান চৌধুরী (৩৫) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হন। তাঁর বাড়ি উপজেলার নতুন রাস্তার মাথা গ্রামে। পুলিশ ট্রাকচালক আবুল বশরকে গ্রেপ্তার করেছে।শেরপুর (বগুড়া): ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের ররোয়া আমতলী এলাকায় গতকাল একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অজ্ঞাতনামা (৪০) একজন বাস যাত্রী নিহত হন।