তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সিরাজগঞ্জের উল্লাপাড়া, খুলনার ডুমুরিয়া এবং ফেনীতে দুই দিনে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: উল্লাপাড়া (সিরাজগঞ্জ): বগুড়া-নগরবাড়ী মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া কবরস্থানের পাশে গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে সিরাজুল ইসলাম (৩০) নামের এক কৃষক ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া বাসের সাতজন যাত্রী আহত হন। সিরাজুল ওই সময় সড়কের ঢালে ঘাস কাটছিলেন। তিনি বোয়ালিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।ডুমুরিয়া (খুলনা): খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খুলনার ডুমুরিয়া উপজেলার বালিয়াখালী সেতুর পাশে শুক্রবার সন্ধ্যায় একটি নসিমনের এক্সেল ভেঙে গেলে এটি কাত হয়ে যায়। এতে নসিমনের যাত্রী ডুমুরিয়ার খরসন্ডা গ্রামের মোহাম্মদ বিল্লাল (১৯) মাথায় আঘাত পান। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতে সেখানে তিনি মারা যান। ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহীপাল ফিলিং স্টেশনের পাশে শুক্রবার ভোরে একটি ট্রাক অজ্ঞাত এক পথচারীকে (২৪) চাপা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।