তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সাতক্ষীরার তালা উপজেলায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হন। বাগেরহাটের মোল্লাহাট ও ফরিদপুরের নগরকান্দায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত ও ২০ জন আহত হন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর;সাতক্ষীরা: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার পাটকেলঘাটা ফুটবল মাঠের সামনে গতকাল সোমবার একটি মোটরসাইকেলের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী ব্যবসায়ী তাপস ঘোষ (৩৯) নিহত হন। তিনি তালা উপজেলার সরুলিয়া গ্রামের শ্রীধাম ঘোষের ছেলে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলালউদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।বাগেরহাট: ঢাকা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকায় গতকাল একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় শ্যালোইঞ্জিনচালিত একটি নছিমন উল্টে যায়। এতে নছিমনের যাত্রী মোল্লাহাট উপজেলার ঝুটেশ্বরী গ্রামের ইদ্রিস আলী শিকদারের ছেলে জাকারিয়া শিকদার (৩৫) নিহত হন।ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার গজারিয়া এলাকায় রোববার একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। এতে ওই বাসের চালকের সহকারী খুলনার রূপসা এলাকার রাজ (২৫) নিহত হন।