তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। একই দিনে যশোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় তরুণ এবং চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক্টরের ধাক্কায় এক কৃষক নিহত হন।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ভোলা: সকাল আটটার দিকে শশীভূষণ-চরফ্যাশন সড়কের নজর আলী মাঝি বাড়ির কাছে ভাড়ায়চালিত মোটরসাইকেলের সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের আরোহী নাঈম ইসলাম (২০) ও চালক তসলিম আহমেদ (২৭) প্রাণ হারান। তাঁদের বাড়ি উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ আইচা এলাকার চর আরকলমি গ্রামে। যশোর: শার্শা উপজেলার উলাসী গ্রামের নূর হোসেন গাজীর ছেলে লিটন গাজী (৩০) খালাতো ভাই একই গ্রামের মিজানকে (৩০) নিয়ে মোটরসাইকেলে করে মাগুরায় বোনের বাড়ি যাচ্ছিলেন। পথে সদর উপজেলার মালঞ্চি এলাকায় যশোর-বেনাপোল সড়কে সকাল ১০টার দিকে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লিটন নিহত হন। চুয়াডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের কৃষক রমজান আলী (৫০) বেলা ১১টার দিকে বাইসাইকেলে করে নিজ বাড়ি থেকে কার্পাসডাঙ্গা বাজারে যাচ্ছিলেন। পথে বাজারের কাছে একটি ট্রাক্টরের ধাক্কায় তিনি নিহত হন।