তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
চাঁপাইনবাবগঞ্জে গতকাল সোমবার ট্রাকের চাপায় এক শিশু নিহত হয়েছে। একই দিন জয়পুরহাট ও কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের আরামবাগ এলাকায় গতকাল সকালে ট্রাকচাপায় আবদুর রহমান (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সে বালুবাগান এলাকার আবদুর রহিমের ছেলে। জয়পুরহাট: জয়পুরহাট-আক্কেলপুর সড়কের জয়পুরহাট পৌর এলাকার সড়ক ও জনপথ কার্যালয়ের কাছে মাদ্রাসার সামনে বাসের চাপায় অজ্ঞাতনামা এক বৃদ্ধ নিহত হয়েছেন (৬০)। দাউদকান্দি (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকায় গতকাল একটি ট্রলিকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলির আরোহী স্থানীয় চরমহমুদ্দি গ্রামের আবু সাইদ (১৩) নিহত হয়। একই দিন একই উপজেলার বারপাড়া এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকচালকের সহকারী নারায়ণগঞ্জের ফতুল্লার জাবেদ (৩৫) নিহত হন।