তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনা বাসস্ট্যান্ড এলাকা, নাটোরের গুরুদাসপুর ও খুলনার ডুমুরিয়ায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং অন্তত ৫১ জন আহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:দাউদকান্দি (কুমিল্লা): গতকাল ভোর চারটার দিকে চান্দিনা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায় এবং এতে ঘটনাস্থলেই বাসচালক চট্টগ্রামের লোহাগাড়ার সেলিম আহাম্মেদ (৪৫) এবং যাত্রী সন্দ্বীপের মাইজভাঙ্গা গ্রামের মাসুদ হাসান (২৮) ও ইউসুফ (২২) মারা যান। অন্য ১৫ যাত্রীকে আহত অবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাশ ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।গুরুদাসপুর (নাটোর): বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের লাথুরিয়া এলাকায় গতকাল সকাল সাতটার দিকে মাছবোঝাই একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলের চালক আনোয়ার হোসেন (৩০) নিহত এবং অপর আরোহী আহত হয়েছেন। আনোয়ার হোসেন নাটোরের নলডাঙ্গা থানার বাঙ্গালকলসি গ্রামের জাবেদ আলী মণ্ডলের ছেলে। রুহুল আমিনকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।খুলনা: খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার মাঝের বেড়ি এলাকায় গতকাল বেলা ১১টার দিকে খুলনাগামী যাত্রীবাহী একটি বাস উল্টে রাস্তার পাশে খাদে পড়ে মহিলা ও তিনটি শিশুসহ ৩৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে বরিশাল রেঞ্জের উপপরিদর্শক জসিম উদ্দিন (৪৫), পাইকগাছার বিশাখা সরদার (১৮) ও তন্দ্রাকে (২০) গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।