তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী, বরগুনা সদর ও আমতলী এবং সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। ঢাকার বাইরে আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: বোয়ালমারী উপজেলার ইছাখালী এলাকায় গত শুক্রবার বিকেলে ট্রাকের চাপায় আরাফাত রহমান (১৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আরাফাত ইছাখালী গ্রামের শাহজাহান খানের ছেলে। এ ঘটনায় আহত মোটরসাইকেলের অপর আরোহী ফয়সাল হোসেনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরগুনা: বরগুনা-বেতাগী সড়কে বরগুনার সদর উপজেলার ছোট বদরখালী এলাকায় গতকাল শনিবার শ্যালো ইঞ্জিনচালিত একটি ইটবাহী টেম্পোর পেছনের চাকা খুলে যানটি খাদে পড়ে যায়। ওই যানের চালকের সহকারী ইসমাইল হোসেন (১৭) ঘটনাস্থলেই মারা যায়। আমতলী (বরগুনা): আমতলী-কলাপাড়া সড়কে আমতলী উপজেলার হাজীবাড়ী এলাকায় শুক্রবার রাতে মোটরসাইকেলের ধাক্কায় সেকান্দার হাওলাদার (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পুলিশ মোটরসাইকেলটি জব্দ ও চালক বজলুর রহমানকে গ্রেপ্তার করেছে। সাতক্ষীরা: আশাশুনি উপজেলার চাপড়া মোড় এলাকায় শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলের ধাক্কায় মোক্তার গাজী (৪৫) নামের এক ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছেন। মোক্তার উপজেলার শ্রীউলা গ্রামের বেলায়েত গাজীর ছেলে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, মোক্তার গাজী ও তাঁর স্ত্রী নাছিমা খাতুন বাইসাইকেলে করে বাড়ি থেকে বুধহাটা যাচ্ছিলেন। ওই স্থানে পৌঁছার পর একটি মোটরসাইকেল তাঁদের ধাক্কা দিয়ে পড়ে যায়। সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে মোক্তার গাজী মারা যান। তাঁর স্ত্রী নাছিমা খাতুনসহ ওই মোটরসাইকেলের তিন আরোহী আহত হন।