তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গতকাল শুক্রবার ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। একই দিন সড়ক দুর্ঘটনায় শেরপুরের শ্রীবরদীতে এক নারী ও কুমিল্লার চৌদ্দগ্রামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:ময়মনসিংহ: বেলা সাড়ে তিনটার দিকে ভালুকার বনকুয়া জামাইবাড়ী স্টেশন এলাকায় সাগরদীঘিগামী একটি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাচালক টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি গ্রামের আকবর আলীর ছেলে আবদুল করিম (২৬), যাত্রী একই উপজেলার আবদুর রাজ্জাকের ছেলে সেলিম রেজা (২১), জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পাঁচাইন গ্রামের ফজর আলীর ছেলে লিটন, তাঁর স্ত্রী ফরিদা খাতুন, বোন নাজমা ও সীমা আক্তার গুরুতর আহত হন। তাঁদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে করিম ও সেলিম মারা যান।ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।শেরপুর: বিকেলে মোটর-সাইকেলে করে গৃহবধূ রুমানা হামিদ (২৫) জামালপুরের বকশীগঞ্জের শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি শ্রীবরদী উপজেলার বিলভরট গ্রামে যাচ্ছিলেন। শ্রীবরদীর বকচর কন্টিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রুমানা গুরুতর আহত হন। এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা রুমানাকে মৃত ঘোষণা করেন। রুমানা বকশীগঞ্জের পুলিশ সদস্য মো. রাসেল মিয়ার স্ত্রী। শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ আলী বলেন, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।চৌদ্দগ্রাম (কুমিল্লা): বিকেলে উপজেলার ভিটা ওয়ার্ল্ডের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম (৩৮) নামের এক নির্মাণশ্রমিক নিহত ও ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ইদ্রিছ মিয়া, বেলায়েত হোসেন, আকবর, মান্নান, মানিক, দিন মোহাম্মদ ও শাহজাহানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।