তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে মায়ের হাত থেকে ছুটে সড়ক পার হওয়ার সময় বাসের চাপায় তানিয়া আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দৌলতদিয়া-খুলনা মহাসড়কে উপজেলার ক্যানেলঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।একই দিন মাগুরা-যশোর মহাসড়কে মাগুরার শালিখা উপজেলার শতখালী বাজারে বাসের চাপায় রিমা খাতুন নামের পঞ্চম শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছে।এ ছাড়া গতকাল সকালে আমতলী-পটুয়াখালী সড়কের আমতলীর ঘটখালী এলাকা থেকে দুই মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, সোমবার দিবাগত রাতে দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গোয়ালন্দ (রাজবাড়ী): প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডলপাড়া গ্রামের তোফাজ্জেল মণ্ডলের স্ত্রী লায়লী বেগম তাঁর মেয়ে তানিয়া আক্তারকে নিয়ে ক্যানেলঘাট এলাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। হঠাৎ মায়ের হাত থেকে ছুটে দৌড় দিলে যাত্রীবাহী একটি বাস তানিয়াকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখে।মাগুরা: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শালিখা উপজেলার শতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী রিমা খাতুন স্কুল ছুটির পর হেঁটে বাড়ি ফিরছিল। দুপুর ১২টার দিকে মাগুরা-যশোর সড়কটি পার হওয়ার সময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই রিমা মারা যায়। শালিখা থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বলেন, ঘটনার পর থেকে মাগুরা-যশোর সড়কে হানিফ পরিবহনের সব বাস চলাচল বন্ধ রয়েছে।আমতলী (বরগুনা): পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল ভোরে আমতলী-পটুয়াখালী সড়কের ঘটখালী এলাকায় সড়কের পাশে মোটরসাইকেলসহ দুই আরোহীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ব্যক্তিরা হলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের হাবিলদার মশিউর রহমান (৩২) ও তাঁর প্রতিবেশী জনি (৩৫)। তাঁদের বাড়ি বরিশাল শহরের বটতলা এলাকায়। পুলিশ সূত্র জানায়, ওই ব্যক্তিরা বরিশাল থেকে কুয়াকাটা যাওয়ার পথে দুর্ঘটনায় মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।