তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ঝিনাইদহ ও বাগেরহাটে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া গত রোববার মাগুরায় পৃথক দুর্ঘটনায় আরও দুই ব্যক্তি নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঝিনাইদহ: সদর উপজেলার কলমনখালি এলাকায় গতকাল বেলা ১১টার দিকে চালক নিয়ন্ত্রণ হারালে একটি ট্রাক সড়কের পাশের পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকে থাকা শ্রমিক রবিউল ইসলাম (৪৫) নিহত হন।
বাগেরহাট: সদর উপজেলার সিঅ্যান্ডবি বাজারের কাছে গতকাল বেলা পৌনে একটার দিকে একটি ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী পাগলা বালা (৬০) নিহত হন।
মাগুরা: রোববার রাত সাড়ে ১০টার দিকে শহরের ঢাকা রোডের কাঁচা বাজারের সামনে অজ্ঞাতনামা (৬৫) এক ব্যক্তিকে একটি ট্রাক চাপা দেয়। সদর হাসপাতালে রাত ১১টার দিকে তিনি মারা যান। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেলের চালক হাসান শেখ (৪২) নিহত হন।