তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
কুমিল্লার দাউদকান্দি, মৌলভীবাজারের জুড়ী ও মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ২৪ আহত হয়েছে। এর মধ্যে দাউদকান্দিতে দুজন, জুড়ীতে একজন ও মুন্সিগঞ্জে একজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার বীজপুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ২০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের একজন হলেন তোফায়েল সরকার (২৪)। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। অপর ব্যক্তির নাম জানা যায়নি। তাঁর বয়স ৪০। দুর্ঘটনায় আহত আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুড়ী (মৌলভীবাজার)
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়লেখা-চান্দগ্রাম সড়কের উত্তর লঘাটি এলাকায় আজ দুপুরে দ্রুতগামী বাসের ধাক্কায় রায়না বেগম (৪০) নামের সিএনজিচালিত অটোরিকশার একজন যাত্রী নিহত হয়েছেন। রায়নার বাড়ি বড়লেখার দাসেরবাজার ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে। এ ছাড়া অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়েছেন। আহত যাত্রীদের সিলেটের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমদ বলেন, এ ব্যাপারে নিহত রায়নার পরিবারের পক্ষ থেকে মামলা হবে।
মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জ সদর উপজেলার রনছ রুহিতপুর এলাকায় আজ দুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের আরোহী হিমেল (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।
এ সময় মোটরসাইকেলের অন্য আরোহী বাবু (২৩) আহত হন। তাঁকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।