তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ, জামালপুর ও বগুড়ার শেরপুরে আজ বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা ও ছাত্রসহ চারজন নিহত হয়েছেন। 

নিহত ব্যক্তিরা হলেন: বানিয়াচং বিএসডি মহিলা মাদ্রাসার শিক্ষিকা আক্তারুন নেছা (৪০) ও একই উপজেলার লুৎফর রহমান (৭০), জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের গান্ধাইল গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ও মামুন স্মৃতি পাবলিক উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র লাইজু হাছান (১০) এবং বরগুনা জেলার বেতাগী থানার দেশান্তর কাটি গ্রামের শাহ আলী মুন্সির স্ত্রী জাহিনুর বেগম (৪২)।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

হবিগঞ্জ: বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী প্রথম আলোকে বলেন, বানিয়াচং উপজেলা সদর থেকে আজ বেলা দুইটার দিকে হবিগঞ্জগামী একটি অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আক্তারুন নেছা ও লুৎফর রহমান নিহত হন। এতে চালকসহ আরও দুজন আহত হন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জামালপুর: জামালপুর সদর উপজেলার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, আজ বিকেল পাঁচটার দিকে স্কুলছাত্র লাইজু ছোনটিয়া বাজার থেকে তার নিজ বাড়িতে যাচ্ছিল। এ সময় ছোনটিয়া বাজার এলাকার মোড়ে টাঙ্গাইল থেকে জামালপুরগামী দ্রুতগতির একটি ট্রাক পেছন দিক থেকে লাইজুকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় লাইজুকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেরপুর (বগুড়া): শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন বলেন, জাহিনুর বেগম তিন দিন আগে শেরপুরের দশমাইল এলাকার আরডিএতে মানসম্পন্ন বীজের ওপর প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন। আজ তাঁর প্রশিক্ষণ শেষ হয়। তিনি বেলা সোয়া দুইটার দিকে উপজেলার দশমাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়ক পারাপারের সময় রংপুর থেকে ঢাকাগামী শঠিবাড়ী এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এ সময় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়।