তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
বরিশালের আগৈলঝাড়ায় গতকাল বুধবার মোটরসাইকেলের চাপায় এক কৃষক নিহত হয়েছেন। একই দিন মাদারীপুর সদরে বাসের চাপায় স্বর্ণ ব্যবসায়ী এবং ফরিদপুরের মধুখালীতে বাসের ধাক্কায় নছিমনচালক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার রাতে বরিশালের উজিরপুরে বাসের ধাক্কায় মাদ্রাসার অধ্যক্ষ নিহত হয়েছেন।
আগৈলঝাড়ায় নিহত কৃষক হলেন সোমাইরপাড় গ্রামের ইন্দ্রজিৎ হালদার (৫০)। উজিরপুরে প্রাণহানির শিকার অধ্যক্ষের নাম আবদুল ওহাব মোল্লা (৫২)। তিনি পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুর গ্রামের বাসিন্দা। মাদারীপুরে নিহত স্বর্ণ ব্যবসায়ী হলেন শরীয়তপুর শহরের পালং এলাকার জগন্নাথ দাস (৩২)। মধুখালীতে প্রাণহানির শিকার নছিমনচালকের নাম নিকাই মোল্লা (৩০)। তিনি রায়জাদাপুর গ্রামের বাসিন্দা।
আগৈলঝাড়া থানার পুলিশ জানায়, ইন্দ্রজিৎ হালদার গতকাল সকাল নয়টায় আগৈলঝাড়া-কোটালীপাড়া সড়কের পয়সারহাট নামক স্থানে পৌঁছালে একটি মোটরসাইকেল তাঁকে চাপা দেয়। স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উজিরপুর উপজেলার এ আর রব কমপ্লেক্স ও নুরানি মাদ্রাসার অধ্যক্ষ আবদুল ওহাব মোল্লা মঙ্গলবার রাত সাড়ে আটটায় ইচলাদি বাসস্ট্যান্ডে পৌঁছালে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত হন। স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ও উজিরপুর মডেল থানার ওসি গোলাম সরোয়ার দুর্ঘটনা দুটির কথা নিশ্চিত করেছেন।
মাদারীপুরের সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফায়েকুজ্জামান বলেন, গতকাল বিকেলে একটি যাত্রীবাহী বাস ঢাকা-বরিশাল মহাসড়কে সদর উপজেলার মস্তফাপুরে এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জগন্নাথ দাসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মধুখালী থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার মালেকা চক্ষু হাসপাতালের কাছে মধুপুর নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস সামনে থেকে ধাক্কা দিলে একটি নছিমন উল্টে যায়। এতে নছিমনচালক নিকাই মোল্লা ঘটনাস্থলেই মারা যান।
মধুখালী থানার এসআই গিয়াসউদ্দিন বলেন, পুলিশ বাসটি জব্দ করলেও চালক ও সহযোগী পালিয়ে গেছেন।