তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ফরিদপুরের মধুখালী, বগুড়ার শাজাহানপুর ও ফেনীর দাগনভূঞা উপজেলায় বাস ও ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল ও বিকেলে পৃথক এ দুর্ঘটনা ঘটে। এ নিয়ে গত ৩২৫ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ২ হাজার ৭৪৭ জন প্রাণ হারিয়েছেন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: বিকেল সাড়ে চারটার দিকে মধুখালী উপজেলার পরীক্ষিতপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী স্বামী-স্ত্রী ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁদের মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের আলম মণ্ডলের ছেলে খোরশেদ মণ্ডল (৩৫) ও তাঁর স্ত্রী তানিয়া বেগম (৩০)। তাঁরা মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গা থেকে ফরিদপুর যাচ্ছিলেন।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে।
করিমপুর হাইওয়ে পুলিশ ট্রাকের ধাক্কায় দুজনের নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
বগুড়া: বেলা সাড়ে তিনটার দিকে শাজাহানপুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে দূরপাল্লার বাসের ধাক্কায় জুয়েল রানা (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।
নিহত জুয়েল শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর নতুন পাড়ার হেলাল উদ্দিনের ছেলে। তিনি কাহালু ডিগ্রি কলেজের øস্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা সদরের একটি রেস্তোরাঁর সামনে থেকে মোটরসাইকেলে মহাসড়ক পার হচ্ছিলেন জুয়েল। এ সময় বগুড়ার দিক থেকে থেকে আসা শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে জুয়েল ছিটকে চাকার নিচে পড়ে পিষ্ট হন। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। মোটরসাইকেলটি বাসের সামনে বাম্পারে আটকে গেলে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে আটকে যায়। পরে শাজাহানপুর থানা-পুলিশ বাসটি আটক করে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাসটি আটক করা হলেও নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি।
ফেনী: দুপুর ১২টার দিকে দাগনভূঞা উপজেলার রঘুনাথপুর বাজারে ফেনী-সোনাইমুড়ি সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইকবাল হোসেন চৌধুরী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে ফেনী-সোনাইমুড়ি সড়কের পাশে ইকবাল দাঁড়িয়ে ছিলেন। সে সময় দ্রুতগতিতে এসে একটি ট্রাক (চট্ট-মেট্রো-ট-১১-০০৯৫) তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। খবর পেয়ে দাগনভূঞা থানার অধীন কোরেশমুন্সি ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করে। তবে চালক ও সহকারী পলাতক।
কোরেশমুন্সি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
গতকাল শনিবার ঠাকুরগাঁওয়ে রিকশাকে চাপা দিয়ে তা বেশ দূরে টেনে নিয়ে যায় একটি ট্রাক (হাইপারলিঙ্ক: http://www.prothomalo.com/bangladesh/article/1402706/) । এতে রিকশার আরোহীসহ চালক ঘটনাস্থলে নিহত হন।