তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত অন্তত সাতজন। আজ বুধবার সকাল ও গতকাল মঙ্গলবার রাতে পটুয়াখালী, ময়মনসিংহ ও খুলনায় এসব দুর্ঘটনা ঘটে।
খুলনায় মায়ের সঙ্গে সড়ক পার হতে গিয়ে বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই শিশুর মা। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে নগরের খালিশপুর থানা এলাকার আলমনগর পোড়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম তন্বী (৫)। মা শিমুল আক্তার (৩৫)। শিমুল আক্তারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, খালিশপুর থেকে বরিশালগামী বিআরটিসির একটি বাস মা-মেয়েকে রাস্তা পার হওয়ার সময় চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়ের মৃত্যু হয়। মা গুরুতর আহত। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পটুয়াখালীর বাউফল উপজেলায় মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে শেফালী রানী (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল মধ্যরাতে উপজেলার খাজুরবাড়িয়া এলাকায় কালাইয়া-দাশপাড়া-লোহালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন দুই নারীসহ চারজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতি বছর উপজেলার দাসপাড়া ইউনিয়নের বিনোদ দাসের বাড়িতে পাঁচ দিনব্যাপী ‘মহানাম যজ্ঞানুষ্ঠান কীর্তন’ অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে এসেছিলেন হতাহত ব্যক্তিরা। অনুষ্ঠান শেষে গতকাল রাত সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার পথে একটি মাইক্রোবাস তাঁদের চাপা দিলে ওই দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। চালককে আটক করা হয়েছে।’
ময়মনসিংহ শহরতলির শিকারিকান্দা বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা একটি তেলবাহী ট্রাকের সঙ্গে ব্যক্তিগত গাড়ির সংঘর্ষের ঘটনায় দম্পতি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন অভিজিৎ সিংহ রায় (৩০) ও তাঁর স্ত্রী মণি সিংহ রায়। আহত একজন ময়মনসিংহ শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন ওরফে আরিফ। আহত অপর ব্যক্তির নাম জানা যায়নি।
পুলিশ জানায়, একটি ব্যক্তিগত গাড়িতে করে চারজন ময়মনসিংহ শহরের দিকে আসছিলেন। শিকারিকান্দা বাইপাস এলাকায় ব্যক্তিগত গাড়িটির সঙ্গে থেমে থাকা তেলবাহী ট্রাকের সংঘর্ষ হয়। ওই ট্রাকটি একটি সিএনজি স্টেশনের সামনে দাঁড়িয়ে ছিল বলে পুলিশের প্রাথমিক ধারণা। সংঘর্ষে চারজন গুরুতর আহত হন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ওই দম্পতিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আবদুল্লাহ আল মামুনের অবস্থার অবনতি হওয়ায় আজ বুধবার সকালে তাঁকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়।