তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

হবিগঞ্জে চুনারুঘাটে, নোয়াখালীর সেনবাগে ও চাটখিলে এবং চট্টগ্রামের কর্ণফুলীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী, পুলিশ, ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

হবিগঞ্জ: বিকেলে লিটন মিয়াসহ দুজন মোটরসাইকেলে করে চুনারুঘাট বাজার থেকে পৌর এলাকার চন্দনা যাচ্ছিলেন। এ সময় বিপরীতদিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই লিটন মিয়া (২৪) মারা যান। তিনি উপজেলার গাজীপুর গ্রামের বাসিন্দা। আহত মোটরসাইকেলের অপর আরোহী দেলোয়ার হোসেন (২৬)কে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নোয়াখালী: মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল সৈকত হোসেন (১৪)। সঙ্গে ছিল আরও তিন বন্ধু। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চার বন্ধুর সবাই কমবেশি আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে সৈকতের মৃত্যু হয়। বিকেল সাড়ে চারটার দিকে নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশাপাড় রাস্তারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সৈকত হোসেন কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের মাঝিবাড়ির নুর নবীর ছেলে। চলতি বছর স্থানীয় কানকিরহাট বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সৈকত।

অন্যদিকে চাটখিলে বাস চাপায় নুসরাত জাহান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সকাল সাড়ে আটটার দিকে চাটখিল ফায়ার সার্ভিস স্টেশনের সামনে নুসরাত চাটখিল-রামগঞ্জ সড়ক পার হচ্ছিল। এ সময় চাটখিল থেকে রামগঞ্জগামী যাত্রীবাহী জননী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি আটক করে স্থানীয়রা। তবে চালক পালিয়ে যায়। নুসরাত উপজেলার পরকোট ইউনিয়নের দশঘরিয়া গ্রামের নুর হোসেনের মেয়ে এবং একই এলাকার রামদেদপুর বাইতুন উলুম মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

আনোয়ারা ( চট্টগ্রাম): কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাটের উত্তর পাশে বিকেল তিনটার দিকে বাসের ধাক্কায় মারা যায় রাকিব (২০) নামের এক যুবক। সাইকেল নিয়ে বেড়াতে বের হয়েছিলেন তিনি। আনোয়ারা উপজেলার দিকে যাওয়ার সময় আনোয়ারাগামী একটি বাস পেছন থেকে ধাক্কা দেয় রাকিবকে। রাকিব ছিটকে পড়লে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসারত অবস্থায় বিকেল পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়। মারা যান রাকিব। রাকিব কক্সবাজারের পেকুয়া উপজেলার কালামারছড়া এলাকার আমান আলীর ছেলে। পেশায় পাইলিং মিস্ত্রি। মা ও বোনকে নিয়ে থাকতেন চট্টগ্রাম শহরের খাজা রোডে।