তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় পৌর জাতীয়তাবাদী মহিলা দলের এক নেতাসহ দুজন নিহত হয়েছেন। একই দিন সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারে এক হোটেলশ্রমিক ও এক বৃদ্ধা এবং সিলেটের বিয়ানীবাজার উপজেলায় এক শিশুর মৃত্যু হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
দাউদকান্দি (কুমিল্লা): বেলা পৌনে একটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার গাজীপুর এলাকায় কুমিল্লাগামী সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী পৌর জাতীয়তাবাদী মহিলা দলের সহসভাপতি শাহনাজ বেগম (৩৮) মারা যান। এ ছাড়া সকাল সাড়ে আটটার দিকে ওই মহাসড়কের রায়পুরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক আবুল কালাম (২৮) ঘটনাস্থলেই প্রাণ হারান। কালামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ার নূরগাঁও গ্রামে। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৌলভীবাজার: ভোরে শহরের পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সড়কের বেজবাড়ি এলাকায় গাড়িচাপায় সেলিম মিয়া (২৮) নামের এক হোটেলশ্রমিক মারা যান। সেলিম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সৈয়দ আলীর ছেলে। তিনি শহরের কোর্ট এলাকার সিতু মিয়ার হোটেলে কাজ করতেন। এ ছাড়া সদর উপজেলার নাদামপুর এলাকায় সকাল সোয়া নয়টার দিকে একটি যাত্রীবাহী বাস সবজান বিবি (৬০) নামের এক পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের আড়াইহাল গ্রামের মৃত আনিছ উল্লাহর স্ত্রী। সদর মডেল থানার ওসি মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিয়ানীবাজার (সিলেট): দুপুর সাড়ে ১২টার দিকে বড়লেখা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে জুয়েল আহমদ (৭) নামের এক শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটি মারা যায়। তার বাড়ি কানাইঘাট উপজেলার খালপার গ্রামে। সে নানাবাড়ি বেড়াতে এসেছিল। পরে জনতা গাড়িচালক নামিজ উদ্দিন আটক করে। থানার ওসি আবুল কালাম আজাদ জানান, নিহত শিশুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।