তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা, রাজবাড়ী ও মাদারীপুরে গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় চার শিক্ষার্থীসহ পাঁচজন নিহত ও নয়জন আহত হয়েছেন। এর মধ্যে খুলনায় ট্রাকের চাপায় প্রাইভেটকারের তিন আরোহী, রাজবাড়ীতে বাসের চাপায় একজন ও মাদারীপুরের শিবচরে থেমে থাকা ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় একজন নিহত হন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
ডুমুরিয়া (খুলনা): সকাল নয়টার দিকে খুলনার রূপসা-ফুলতলা সংযোগ সড়কের আকমানের মোড়ে একটি দ্রুতগতির ট্রাক খুলনা বিশ্ববিদ্যালয়গামী একটি প্রাইভেটকারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই খুলনা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থী প্রিপা রুদ্র (২০) ও জ্যোতি (২০) এবং প্রাইভেটকারের চালক জাকির হোসেন (২৭) নিহত হন। আহত হন প্রিপার বাবা প্রতাপ রুদ্র ও ঋতু ইসলাম (২২)। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জ্যোতির বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলায়। হতাহত অন্যদের বাড়ি খুলনা নগরের দৌলতপুরের বণিকপাড়ায়।
রাজবাড়ী: সদর উপজেলার বসন্তপুর বাজারে দুপুর দেড়টার দিকে বাসের চাপায় বিল্লাল হোসেন (২২) নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী দেড় ঘণ্টা দৌলতদিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন।
বিল্লাল বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের কুয়েত প্রবাসী ওমর আলী খানের ছেলে। তিনি আবুল হোসেন কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা দেওয়ার অপেক্ষায় ছিলেন।
প্রতিবেশী শফিকুল ইসলাম জানান, বিল্লাল তাঁর বাবার পাঠানো টাকা তুলতে বসন্তপুর বাজার থেকে এসেছিলেন। সেখানে রাস্তা পার হওয়ার সময় একটি বাস বিল্লালকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এর আগে বুধবার সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী সওজের কর্মচারী আবদুস সালাম প্রধান (৪২) ও আইয়ুব আলী মৃধা (৪৫) নিহত হন।
কালকিনি (মাদারীপুর): দুপুর দুইটার দিকে শিবচর উপজেলার কাওড়াকান্দি ঘাট থেকে কালকিনি উপজেলার ভূরঘাটার উদ্দেশে ছেড়ে আসা একটি মাইক্রোবাস বাখরকান্দি এলাকায় পাথরবোঝাই একটি থামানো ট্রাককে জোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের চালকসহ আট যাত্রী আহত হন। তাঁদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক কালকিনি উপজেলার চর দৌলতখান গ্রামের আলাউদ্দিন আকনের ছেলে আল-আমিন আকনকে (২২) মৃত ঘোষণা করেন।